আত্মহত্যা বলছে পুলিশ ও পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা থানা এলাকায় ছাত্রলীগ নেতার বাসায় গুলিবিদ্ধ কিশোরের লাশ উদ্ধারের ঘটনায় গতকাল রোববার বিকেল সাড়ে চারটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশের ধারণা, ওই কিশোর আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার সুস্পষ্ট কারণ তারা জানতে পারেনি।
গত শনিবার রাতে মধ্য বাড্ডার আলাতুন্নেছা স্কুল গলির চেয়ারম্যানবাড়ির মোড়ে দুই তলার ফ্ল্যাট থেকে ইমন (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। পাশ থেকে একটি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটটি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বিদায়ী সভাপতি শেখ রবিউল ইসলাম সোহেলের। নিহত ইমন তাঁর মামাতো ভাই। ইমন সাভারে মা-বাবার সঙ্গে থাকত। মাঝেমধ্যে ওই ছাত্রলীগ নেতার বাসায়ও যেত।
পুলিশ ও পরিবার জানায়, ইমন শনিবার সন্ধ্যায় ওই ফ্ল্যাটের একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর গুলির শব্দ পাওয়া যায়। পরে দরজা ভেঙে দেখা যায়, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় খাটে পড়ে আছে ইমন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
গতকাল রোববার বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইমন আত্মহত্যা করেছে। তবে সুস্পষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে যত দূর জানা গেছে, ইমনের বাবা একটি পোশাক কারখানায় চাকরি করেন। ইমন বাবার কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু কিনে দেওয়ার কথা বলত। বাবার পক্ষে অনেক সময় তা সম্ভব হতো না। ধারণা করা হচ্ছে, এসব কারণে অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।
রিভলবার সম্পর্কে ওসি বলেন, রিভলবারটি অবৈধ। সাভারে ও বাড্ডায় বিভিন্ন ছেলের সঙ্গে মেলামেশা করত ইমন। তাদের কারও কাছ থেকে অস্ত্রটি এনেছে। এ ঘটনায় তার বাবা থানায় অপমৃত্যু মামলা করবেন বলে পুলিশকে জানিয়েছেন।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লাশ নিয়ে যাওয়া হয় গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায়। যোগাযোগ করা হলে ছাত্রলীগের নেতা রবিউল বলেন, ‘আমরা ধারণা করছি, ইমন আত্মহত্যা করেছে। তবে কারণটা এখনো জানতে পারিনি। আমরা এখন তার দাফন নিয়ে ব্যস্ত। আর ওই রিভলবারটি কার তা আমার জানা নেই।’