আত্মহত্যা রোধ ও আমাদের করণীয়

সমাজে আত্মহত্যার ঘটনা দিন দিন বাড়ছে। আত্মহত্যা নিরসনে সরকারি-বেসরকারি নানাবিধ উদ্যোগ এবং প্রয়াস রয়েছে, তথাপি আত্মহত্যার ঘটনা ঘটছেই। তাই এটির সমাধানকল্পের প্রচেষ্টাগুলো আরও বেশি মনোযোগ পাওয়ার দাবি রাখে। পাশাপাশি নতুন ভাবনা ভাবার ও অবকাশ রাখে।
গত বছর ডিসেম্বরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রি অধিকারী (১৫) আত্মহত্যা করে। সে ওই প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের অভিযোগ, স্কুলে নকলের অভিযোগে অপমানের জের ধরে সে আত্মহত্যা করেছে। এই ঘটনায় ইতিমধ্যেই অধ্যক্ষসহ দুই শিক্ষকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
মালদ্বীপের মডেল রাউধা আতিফ আত্মহত্যা করেছেন বলে গত ২৯ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তার ভাষ্য মতে, রাউধাকে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। এ-সংক্রান্ত আট পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে পুলিশ। প্রেমিক শাহ গনির ওপর অভিমান থেকেই রাউধার আত্মহত্যা বলে উল্লেখ করেছে পুলিশ। লন্ডনপ্রবাসী মালদ্বীপের তরুণ শাহ গনির সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল রাউধার। কিন্তু শাহ গনি রাউধার মৃত্যুর আগের রাতে হোয়াটসঅ্যাপে রাউধাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। প্রসঙ্গত, ২০১৭ সালের ২৯ মার্চ রাজশাহীর নওদাপাড়ায় অবস্থিত ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রীনিবাস থেকে রাউধা আতিফের (২২) লাশ উদ্ধার করে পুলিশ। রাউধা ওই মেডিকেলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে প্রতিবছর পৃথিবীজুড়ে প্রায় আট লাখ মানুষ আত্মহত্যা করেন। প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করছেন। ধারণা করা হয়, যে সময়ে একটি আত্মহত্যার ঘটনা ঘটছে, ঠিক তখনই আরও ২০ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। বিশ্বব্যাপী ১৫-২৯ বছর বয়স্ক ব্যক্তিদের মৃত্যুর জন্য আত্মহত্যা দ্বিতীয় বৃহৎ কারণ। ২০১৬ সালের আত্মহত্যার ঘটনাগুলোর ৭৯ শতাংশই ঘটেছে নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে। ২০১৬ সালে বিশ্বজুড়ে ১ দশমিক ৪ শতাংশ মানুষের মৃত্যুর কারণই ছিল আত্মহত্যা।
গণমাধ্যমে মনোবিজ্ঞানীদের বরাতে প্রকাশিত তথ্যানুযায়ী বাংলাদেশে প্রতিবছর প্রায় ১১ হাজার মানুষ আত্মহত্যা করেন। পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্যমতে, বাংলাদেশে ২০১৭ সালে ১১ হাজার ৯৫ জন মানুষ আত্মহত্যা করেছেন। এর অর্থ দাঁড়াচ্ছে, দিনে প্রায় ৩০ জন মানুষ আমাদের দেশে আত্মহত্যা করেন। এই ১১ হাজার ৯৫ জনের মধ্যে ৫৬৯ জন গলায় ফাঁস নিয়ে, ৩ হাজার ৪৬৭ জন বিষপানে এবং ৫৯ জন শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন। বাংলাদেশ সোসাইটি ফর দ্য এনফোর্সমেন্ট অব হিউমেন রাইটসের তথ্যমতে, ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৭ এই চার বছরেই ছেলেদের চেয়ে মেয়েরা প্রায় দ্বিগুণ আত্মহত্যা করেছেন, যা মনে করিয়ে দেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্ত্রীর পত্র’ ছোটগল্পের মৃণালের সেই কথাকে, ‘দেশসুদ্ধ লোক চটে উঠল। বলতে লাগল, মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশান হয়েছে। তোমরা বললে, এ-সমস্ত নাটক করা! তা হবে। কিন্তু, নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির উপর দিয়েই হয় কেন আর বাঙালি বীরপুরুষদের কোঁচার উপর দিয়ে হয় না কেন, সেটাও তো ভেবে দেখা উচিত।’ ভেবে দেখা উচিত কেন রবীন্দ্রনাথের কাদম্বিনীকে মরে প্রমাণ করতে হয়, সে মরে নাই।
ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম আত্মহত্যা বিষয়টিকে সমাজবিজ্ঞানের প্রেক্ষিতে বিশ্লেষণ করতে গিয়ে দেখতে পান ব্যক্তির সঙ্গে তার সমাজ ব্যবস্থার ঘনিষ্ঠতার বা নৈকট্যের মাত্রার ওপর ওই ব্যক্তির আত্মহত্যার প্রেষণা (Motivation) নির্ভর করে। অর্থাৎ ব্যক্তি যখন অধিক ঘনিষ্ঠভাবে অথবা খুব ক্ষীণভাবে তার সমাজের সঙ্গে সম্পৃক্ত হয়, তখনই তার মধ্যে আত্মহত্যার প্রেষণা জাগে। পাশাপাশি বিদ্যমান সমাজ যখন মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও মানব আচরণকে সঠিক উপায়ে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে ব্যর্থ হয়, তখন ও মানুষ নিজেকে সমাজজীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন ভেবে আত্মহত্যার দিকে ঝুঁকে পড়েন। একইভাবে সমাজ যখন ব্যক্তির ওপরে অতিমাত্রায় নিয়ন্ত্রণ ও নির্যাতন চালায়, তখন তা আত্মহত্যার কারণ হয়ে দাঁড়ায়।
তবে পরিসংখ্যান বলছে, আমাদের সমাজে আত্মহত্যার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার বেশ কিছু ঘটনা ঘটেছে, যা গণমাধ্যমে প্রকাশিতও হয়েছে। আত্মহত্যা ইসলাম ধর্মে পাপ। আইন অনুযায়ী একটি অপরাধ। আত্মহত্যা নিরসনে সরকারি-বেসরকারি নানাবিধ উদ্যোগ এবং প্রয়াস রয়েছে, তথাপি আত্মহত্যার ঘটনা ঘটছেই। তাই এটির সমাধানকল্পের প্রচেষ্টাগুলো আরও বেশি মনোযোগ পাওয়ার দাবি রাখে। পাশাপাশি নতুন ভাবনা ভাবার ও অবকাশ রাখে। সেই ভাবনা থেকেই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটকে আরও বেশি শক্তিশালী করা প্রয়োজন এবং বাংলাদেশের তৃণমূল পর্যন্ত মানসিক স্বাস্থ্যসেবা সঠিকভাবে পৌঁছে দেওয়া বিশেষভাবে প্রয়োজন। কারণ, আত্মহত্যা নিয়ে কাজ করেন এমন অনেকের মতেই শহরের চেয়ে গ্রামে আত্মহত্যা বেশি ঘটছে। কিন্তু গ্রামীণ সমাজ কাঠামোর কারণেই তার প্রকাশ হয় কম। শুধু তাই-ই নয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও জরুরি মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। কেন না তরুণদের মধ্যে আত্মহত্যার ঝোঁক বা প্রবণতা অনেক বেশি। মেয়েদের জন্য সামাজিক সুরক্ষার বলয় তৈরি করতে হবে। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় মেয়েরা শুধু মেয়ে হওয়ার কারণেই নানাবিধ সংকটের সম্মুখীন হয়, যা তাদের মধ্যে বিচ্ছিন্নতার আবহ তৈরি করে। সেই সঙ্গে নারীবান্ধব নীতি প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে লিঙ্গসাম্য প্রতিষ্ঠায় উদ্যোগী হতে হবে। যেহেতু শিল্পায়ন হচ্ছে, শহরায়ণ হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে, প্রযুক্তিনির্ভরতা বাড়ছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে সমাজ নানা জটিল বাঁক নিচ্ছে, তাই আমাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক এবং নৈতিক মূল্যবোধগুলোকে শক্ত ভিত দিতে হবে যেন বিশৃঙ্খলা, অনাচার আমাদের গ্রাস না করে। সঠিক সামাজিকীকরণ, শক্তিশালী ও কার্যকর সামাজিক এবং পারিবারিক মূল্যবোধসমূহ ধারণ ও লালন, প্রকৃত সামাজিক সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে ব্যক্তির সঙ্গে সমাজের যে সংহতি স্থাপিত হবে, তা-ই হবে আত্মহত্যা নিরসনের মূল হাতিয়ার। আর তা যদি আমরা করতে পারি, তাহলে কবিগুরুর ‘মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে’—এই বাণীই সত্য হবে।
মো. আরাফাত আজাদ, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ, লালমনিরহাট
আরও পড়ুন...