আত্মহত্যাপ্রবণ দীঘিনালা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় আশঙ্কাজনকভাবে বাড়ছে আত্মহত্যা চেষ্টার ঘটনা। গত চার মাসে ৩৩ জন নারী ও ২২ জন পুরুষ আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। পারিবারিক কলহ ও দারিদ্রে্যর কারণেই এমন প্রবণতা বেড়েছে বলে মনে করেন চিকিৎসক ও এলাকার বিশিষ্টজনেরা।
দীঘিনালা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, ১৭ এপ্রিল থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৫৩ ব্যক্তি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। তার মধ্যে অধিকাংশই আদিবাসী। বেশির ভাগেরই বসবাস দুর্গম এলাকায়। তবে যে দুজন মারা গেছেন তাঁরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। গত জুলাই মাসে কঁাঠালতলীপাড়ার রিতা বড়ুয়া (৪৫) ও আগস্ট মাসে উপজেলার পাবলাখালী মিলনপুর গ্রামের রিনা আক্তার (১৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা দীপংকর ধর জানান, এ বছর এ পর্যন্ত মোট ৫৩ জন বিষপান করেছেন। তবে এঁদের কেউ মরেননি। এপ্রিল মাসে তিনজন নারী ও একজন পুরুষ, মে মাসে আটজন নারী ও চারজন পুরুষ, জুন মাসে ছয়জন নারী ও পাঁচজন পুরুষ, জুলাই মাসে আটজন নারী ও পাঁচজন পুরুষ, আগস্ট মাসে চারজন নারী ও সাতজন পুরুষ এবং চলতি মাসের ৯ তারিখ পর্যন্ত দুইজন নারী ও একজন পুরুষ বিষপান করে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
প্রথম আলোর তথ্যানুসন্ধানে জানা যায়, চার মাসে ৫৩ জন বিষপানে আত্মহত্যার চেষ্টার রোগীর মধ্যে ৩২ জন ছিল আদিবাসী ও ২১ জন ছিল বাঙালি। তার মধ্যে ১৪ থেকে ১৮ বছর বয়সের নারী ছিল আটজন ও পুরুষ তিনজন। ২০ থেকে ৩০ বছর বয়সের নারী ১৮ জন ও পুরুষ ১৩ জন। ৩৫ বছর বয়সের ঊর্ধ্বে নারী চারজন ও সাতজন পুরুষ বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।
গত ২২ আগস্ট গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা কিশোরী রিনা আক্তারের বাবা মো. মোক্তার আলী (৬০) বলেন, ‘গরিব মানুষ বিধায় অল্প বয়সে মেয়েটিকে বিয়ে দিয়েছিলাম। স্বামী–স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের কারণে মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল।’
স্বাস্থ্যকেন্দ্রে বিষপানে আত্মহত্যার চেষ্টা করা কয়েকজন রোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, পারিবারিক কলহের কারণে তীব্র অপমান বোধ আর গভীর হতাশা থেকেই তাঁরা এ কাজ করেছেন। তবে প্রায় সবাই বিষপান করার কিছুক্ষণের মধ্যেই নিজের ভুল বুঝতে পেরে আবার বাঁচার চেষ্টা করেছেন।
কেবল পারিবারিক কলহ নয়, দীঘিনালার দুর্গম এলাকায় ঘটে যাওয়া অনেক আত্মহত্যার চেষ্টার পেছনে দারিদ্র বড় ভূমিকা পালন করছে।
এ প্রসঙ্গে পাহাড়ি ছাত্র পরিষদের (এমএন লারমা) কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জ্ঞান চাকমা বলেন, ‘মূলত দারিদ্র আর অসচেতনতার জন্য বিষপানের ঘটনা ঘটছে।’
বিষপান করা একাধিক রোগীকে চিকিৎসা করেছেন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ত্রিলোক চাকমা। তিনি বলেন, ‘এখানে আমার গত ১০ মাসের চাকরির মেয়াদে যে হারে বিষপান করা রোগী দেখছি, তা অবাক করেছে। আদিবাসীদের মধ্যে আত্মহত্যার চেষ্টার প্রবণতাটা বেড়েছে। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা বিষপান করা রোগীর অভিভাবকদের সঙ্গে কথা বলে জেনেছি, পারিবারিক কলহ, তুচ্ছ ঘটনা ও সামান্য ভুল বোঝাবুঝি থেকেই বিষপানের ঘটনা ঘটেছে। তবে বিষপান করা রোগী যথাসময়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসায় কেউ মারা যায়নি।’
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, বিভিন্ন আত্মহত্যার চেষ্টা বা আত্মহত্যার ঘটনাগুলো তদন্ত করে দেখা গেছে পারিবারিক কলহ, সামান্য ভুল বোঝাবুঝির কারণেই আত্মহত্যার চেষ্টা বা আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিশেষ করে অল্প বয়সে বিয়ে দেওয়ার কারণেও আত্মহত্যার ঘটনা ঘটছে।