আত্মহত্যার আগে মুক্তিযোদ্ধা, পরে অমুক্তিযোদ্ধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত মাস আগেও তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। তবে আত্মহত্যা করার পর তিনি এখন অমুক্তিযোদ্ধা। তড়িঘড়ি করে বাতিল করে দেওয়া হয়েছে সাতকানিয়ার আইয়ুব খানের মুক্তিযোদ্ধা সনদ। কিন্তু তাঁর আত্মহত্যার পেছনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দুর্ব্যবহার কোনো প্ররোচনামূলক ভূমিকা রেখেছিল কি না, সে বিষয়টি স্পষ্ট করা হয়নি তদন্ত প্রতিবেদনে।
গত বছরের ৭ জুলাই রাজধানীর তোপখানা রোডের আবাসিক হোটেলের একটি কক্ষে বিষপানে আত্মহত্যা করেন ষাটোর্ধ্ব আইয়ুব খান। তিনি তাঁর আত্মহত্যার পেছনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নানের দুর্ব্যবহারকে দায়ী করে তিন পৃষ্ঠার একটি সুইসাইড নোট রেখে যান। ঘটনার পর তীব্র সমালোচনা আর প্রতিবাদের মুখে তথ্য মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে সরকার। সাত মাস পর সম্প্রতি কমিটি প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এতে বলা হয়েছে, ‘আইয়ুব খান মুক্তিযোদ্ধাই ছিলেন না। তাঁর ভিন্ন ভিন্ন জন্ম তারিখ, ভিন্ন বানানে মুক্তিযোদ্ধার সনদপত্র, স্কুলের ভর্তি রেকর্ড সঠিক নয়, তাঁর পিতার নামের বানানও ঠিক নেই।’
একই সঙ্গে সরকারের একটি গোয়েন্দা প্রতিবেদন ও জেলা প্রশাসকের পাঠানো প্রতিবেদনেও বলা হয়েছে, আইয়ুব খান মুক্তিযোদ্ধা নন। এই তিনটি প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বৈঠকে আইয়ুব খানের সনদ ও গেজেট বাতিল করা হয়েছে। এর ফলে আইয়ুব খানের পরিবার মুক্তিযোদ্ধার পরিবার হিসেবে কোনো সুযোগ-সুবিধা পাবে না।
তবে সচিব কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা কাউন্সিলের চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট অনুমোদনের আবেদন নিষ্পত্তি করতে বিলম্বের দায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এড়াতে পারে না। এ ছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে যে কয়েকজন মন্ত্রী, মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকেই সচিব সম্পর্কে কিছু নেতিবাচক ধারণা পোষণ করেছেন।
আইয়ুব খান তাঁর সুইসাইড নোটে লিখেছিলেন, ‘সচিব মহোদয় আদালতের আদেশ ও আমাদের আবেদন আমলে নিয়ে টাকা চাইলে আমি অনেক কষ্ট করে সচিব সাহেবের বাসায় দুবার মাছ, শুঁটকি ও টাকা দিয়া ছয় মাস অতিবাহিত হলে আমি সচিব মহোদয়ের বাসায় গিয়ে আমার দেওয়া টাকা ফেরত চাইলে আমাকে বাসা থেকে অপমানিত করে। তাই আমি হোটেল কর্ণফুলীতে ২০৪ নম্বর রুমে এসে আত্মহত্যা করি, এ জন্য আমার মৃত্যুর জন্য তিনি দায়ী। চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট কমান্ড গঠনের দাবিতে আমার আত্মহত্যা।’
আইয়ুব খানকে সচিব গলাধাক্কা দিয়েছিলেন বা সচিব তাঁর কাছ থেকে ঘুষ নিয়েছিলেন—এমন অভিযোগের সত্যতা পায়নি কমিটি।
প্রতিবেদনে আরও বলা হয়, আইয়ুব খান মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের বাইরে গিয়ে একধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো স্থাপনের চেষ্টা করেছেন। এই পর্যায়ে কমান্ড গঠনের গেজেট জারি করার কাজটি সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় আইয়ুব খান আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন। আইয়ুব খান ২২৬ জন মুক্তিযোদ্ধার একটি তালিকা প্রণয়নের কাজ করে যাচ্ছিলেন, যাঁদের সঙ্গে টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।
তদন্ত কমিটিকে আইয়ুব খানের ছেলে আরিফুর রহমান জানিয়েছেন, তাঁর বাবা ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাড়িতে যাননি এবং কোথায় থাকতেন তা তিনি জানতেন না। তাঁর বাবার কাছে এলাকার লোকজনের ২২ থেকে ২৩ লাখ টাকা পাওনা ছিল। তবে তাঁর বাবাকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে তিনি উল্লেখ করেন।
জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, বিভিন্ন প্রতিবেদনে আইয়ুব খান অমুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় তাঁর গেজেট বাতিল করা হয়েছে জামুকার বৈঠকে। এ বিষয়ে কারও সন্দেহ হলে খোঁজখবর নিতে পারে।