আত্মহত্যার কারণ নিয়ে লেখা চিঠিটি পিংকিরই
পিংকির আত্মহত্যার ঘটনার সময় আত্মহত্যার কারণ লেখা চিঠিটি সে নিজেই লিখেছিল। গত পরশু বুধবার গোয়েন্দা সংস্থা এই সিদ্ধান্ত জানিয়েছে। গত জানুয়ারিতে পিংকি নিহত হওয়ার পর চিঠিটি পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। গতকাল বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) এ এস এম সায়েদ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।গত ১৯ জানুয়ারি রাজধানীর শ্যামলীর বাসায় পিংকিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় একটি চিঠি পাওয়া যায়। তাতে লেখা ছিল মুরাদ থাপড় মারায় সে ফাঁস নিয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মুরাদ ও তার চাচা কামাল কারাগারে আটক আছেন।চিঠির হাতের লেখা পিংকির হওয়ায় অভিযুক্ত মুরাদের পক্ষে মামলা আরও দুর্বল হয়ে যেতে পারে বলে মনে করছেন তদন্তকারী কর্মকর্তা। পুলিশ রিমান্ডে থাকার সময় মুরাদ দাবি করেছিল, নিহত নাশফিয়া আখন্দ পিংকির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে কোনো প্রমাণ সে পুলিশকে দিতে পারেনি। তদন্ত কর্মকর্তা এ এস এম সায়েদ বলেন, ‘দ্রুতই অভিযোগপত্র দাখিল করা হবে।’ তবে আটক মুরাদের চাচা কামালের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তিনি অব্যাহতি পেতে পারেন বলেও পুলিশ কর্মকর্তা উল্লেখ করেন।