আত্মহত্যার কুফল নিয়ে খুতবায় আলোচনার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় চলতি বছরের শুরু থেকে ১৩ জুন পর্যন্ত ৩২ জন আত্মহত্যা করেছেন। এ অবস্থায় আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে জুমার নামাজের সময় খুতবায় এ বিষয়ে আলোচনা করার জন্য চিঠি দিয়েছে পুলিশ।

আজ শুক্রবার পুলিশের কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) পক্ষ থেকে তিন উপজেলার বিভিন্ন মসজিদের ইমামকে চিঠি পাঠানো হয়েছে।

পুলিশ ও চিঠিতে দেওয়া তথ্যসূত্রে জানা গেছে, ১ জানুয়ারি থেকে ১৩ জুন কুলাউড়ায় ১৬, বড়লেখায় ১০ এবং জুড়ীতে ৬ জন বিভিন্ন বয়সী নারী-পুরুষ আত্মহত্যা করেন। ব্যক্তিজীবনে হতাশা ও পারিবারিক কলহের কারণে এসব ঘটনা ঘটে বলে জানা যায়। ২০১৬ সালে কুলাউড়ায় ৬১, বড়লেখায় ২৪ ও জুড়ীতে ১৯ জন আত্মহত্যা করেন। এএসপির চিঠিতে বলা হয়, ইসলাম ধর্মে আত্মহত্যা হারাম। চিঠিতে মাদক ও চুরি-ডাকাতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে এ বিষয়েও আলোচনার অনুরোধ জানানো হয়েছে।

এএসপি মো. আবু ইউছুফ আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ১২ ফেব্রুয়ারি কুলাউড়া সার্কেলে যোগ দেওয়ার পর এর আওতাধীন তিনটি থানা পরিদর্শনে গিয়ে ২০১৬ সালের আত্মহত্যার পরিসংখ্যান দেখে বিস্মিত হন। তাই আত্মহত্যার কুফল সম্পর্কে সচেতনতা তৈরির জন্য এ উদ্যোগ নিয়েছেন।

এএসপি বলেন, জুমার নামাজে লোকজনের বেশি সমাগম ঘটে। এ কারণে তিন উপজেলার প্রত্যেক মসজিদের ইমামের কাছে চিঠি পাঠানো হয়েছে। আজ জুমার নামাজের পর কয়েকটি মসজিদের ইমাম তাঁকে মুঠোফোনে চিঠির বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন।

মসজিদের ইমামদের উদ্দেশে দেওয়া পুলিশের চিঠি।
মসজিদের ইমামদের উদ্দেশে দেওয়া পুলিশের চিঠি।