আত্মহত্যার খবর প্রকাশে আরও সংবেদনশীল হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমকে আত্মহত্যার খবর প্রকাশে আরও সংবেদনশীল হতে হবে। এ–সংক্রান্ত খবর গণমাধ্যমে অতিরঞ্জিত করে প্রকাশ করা যাবে না। এতে মানুষ আরও উৎসাহিত হতে পারে। এই খবরগুলো যত কম প্রকাশ পাবে, মানুষ তত কম শিখবে ও কম জানবে। ফলে আত্মহত্যা কমে আসবে।

আজ শনিবার দ্য ডেইলি স্টার কার্যালয়ে আজিমুর রহমান মিলনায়তনে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন নামের একটি সংগঠন এই সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আত্মহত্যার খবর প্রকাশে গণমাধ্যমকে আরও সতর্ক ও সংবেদনশীল হতে হবে। একজন মানুষকে অন্যের বিপদে এগিয়ে আসতে হবে। জঙ্গিরাও অন্যদের আত্মহত্যার প্ররোচনা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। তিনি বলেন, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান না। জীবন মূল্যবান, জীবন আনন্দময়। আত্মহত্যার খবর যত কম পারা যায় প্রচার করার কথা বলেন তিনি। আত্মহত্যার খবর পরিবেশনের সময় এ–সংক্রান্ত নির্দেশনা মানার প্রতি গুরুত্ব দেন তিনি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউশনের শিক্ষক হেলাল উদ্দিন আহমেদ। আত্মহত্যার খবর কীভাবে গণমাধ্যমে প্রকাশ করতে হবে, সে–সংক্রান্ত দিকনির্দেশনা উপস্থাপন করেন তিনি। বলেন, ‘আমাদের দেশে প্রতিদিন ২৮ জন মানুষ আত্মহত্যা করে। এদের বেশির ভাগেরই বয়স ২১ থেকে ৩০ বছর এবং এদের বেশির ভাগই নারী।’ বর্তমানে বাংলাদেশের ৬৫ লাখ মানুষ আত্মহত্যার ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানান তিনি।

হেলাল উদ্দিন আহমেদ বলেন, আত্মহত্যার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করা যাবে না। এ ধরনের খবর প্রকাশ করার ক্ষেত্রে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে। আত্মহত্যার উপায়, স্থান, লাশের ছবি বা ভিডিও প্রকাশ করা যাবে না। রগরগে শিরোনাম দেওয়া যাবে না। মূল ঘটনা লিখতে হবে। সেটির যেন অতিরঞ্জন না হয়, সেটি গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে ব্রাইটার টুমোরো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাংবাদিক জয়শ্রী জামান বলেন, ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর তাঁর দুই সন্তান আত্মহত্যা করেন। এরপর তিনি দায়বদ্ধতা থেকে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। আত্মহত্যা প্রতিরোধে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকৌশলী এ কে এম আবদুল হামিদ, চিকিৎসক এম বদরুদ্দোজা, মনোচিকিৎসক জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ফারজানা রাবিন।