আত্মহত্যার খবর প্রকাশে সংবেদনশীল হতে হবে
গণমাধ্যমকে আত্মহত্যার খবর প্রকাশে আরও সংবেদনশীল হতে হবে। এ-সংক্রান্ত খবর গণমাধ্যমে অতিরঞ্জিত করে প্রকাশ করা যাবে না। এসব খবর যত কম প্রকাশ পাবে, মানুষ তত কম শিখবে ও কম জানবে। ফলে আত্মহত্যা কমে আসবে। গতকাল শনিবার দ্য ডেইলি স্টার কার্যালয়ে আজিমুর রহমান মিলনায়তনে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন নামের একটি সংগঠন ওই সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আত্মহত্যার খবর প্রকাশে গণমাধ্যমকে আরও সতর্ক ও সংবেদশীল হতে হবে। একজন মানুষকে অন্যের বিপদে এগিয়ে আসতে হবে। জঙ্গিরাও অন্যদের আত্মহত্যার প্ররোচনা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথি কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান না। জীবন মূল্যবান, জীবন আনন্দময়। আত্মহত্যার খবর যত কম পারা যায় প্রচার করার কথা বলেন তিনি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনোরোগ চিকিৎসক হেলাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমাদের দেশে প্রতিদিন ২৮ জন আত্মহত্যা করে। এদের বেশির ভাগের বয়স ২১ থেকে ৩০ বছর এবং অধিকাংশই নারী।’ বর্তমানে বাংলাদেশের ৬৫ লাখ মানুষ আত্মহত্যার ঝুঁকির মধ্যে রয়েছেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে ব্রাইটার টুমোরো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জয়শ্রী জামান বলেন, ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর তাঁর দুই সন্তান আত্মহত্যা করে। এরপর তিনি দায়বদ্ধতা থেকে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকৌশলী এ কে এম আবদুল হামিদ, চিকিৎসক এম বদরুদ্দোজা, মনোরোগ চিকিৎসক জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ফারজানা রাবিন।