আত্মহত্যার খবর প্রচারের ক্ষেত্রে আন্তর্জাতিক নীতি মানা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে আত্মহত্যার হার বেশি হলেও বাংলাদেশে নারীরা বেশি আত্মহত্যা করে বা চেষ্টা চালায়। আর তাদের মধ্যে নির্যাতনের শিকার নারীর সংখ্যাই বেশি। তাই নারী নির্যাতন প্রতিরোধে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত কার্যক্রম হাতে নিতে হবে। গতকাল শনিবার ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ (এমজেএফ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে আত্মহত্যার খবর প্রচারে আন্তর্জাতিক নীতিমালা মেনে চলা এবং ঘুমের ওষুধ ও কীটনাশক বিক্রির ক্ষেত্রে নীতিমালা তৈরিরও আহ্বান জানান।‘নারীর আত্মহনন: প্রেক্ষাপট ও প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। এতে মূল বক্তব্য পাঠ ও আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষক কামাল ইউ এ চৌধুরী ও শাহনূর হোসেন।সেমিনারের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম বলেন, দেশে মাত্র ১৮টি সংগঠন মনোসামাজিক কাউন্সেলিং সেবা দিচ্ছে। বলতে গেলে মাত্র ২৬ জন কাউন্সেলর আছেন দেশে। মন্ত্রণালয় এ ধরনের সেবা জেলা ও উপজেলা পর্যায়ে বিস্তৃত করবে বলে জানান তিনি।সেমিনারে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ঝিনাইদহে সোসাইটি ফর ভলান্টারি অ্যাকটিভিটিজ (শোভা) নামের এনজিওর আত্মহত্যা প্রতিরোধ কার্যক্রম তুলে ধরেন এর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। ঝিনাইদহ থেকে আসা একজন নারী জানান, তিনি নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এক কিশোরী জানায়, বিয়ের জন্য চাপ দেওয়া হলে সে আত্মহত্যা করার কথা চিন্তা করেছিল। কিন্তু পরে বিষয়টি স্কুল ও সামাজিক সংগঠনকে জানালে বিয়ে বন্ধ করা সম্ভব হয়।সেমিনারের বিশেষ অতিথি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শামীমা বেগম বলেন, আইনের চোখে আত্মহত্যা একটি অপরাধ। কেউ আত্মহত্যার চেষ্টা করলেও শাস্তির বিধান আছে। আইনি এ দিকটার প্রচার বাড়াতে হবে। আলোচনায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মেহতাব খানম বলেন, মায়ের সন্তানসহ আত্মহত্যা করার মতো খবর প্রচারমাধ্যম ফলাও করে প্রচার করছে। তা দেখে অন্যরাও এ ধরনের কাজ করতে উৎসাহী হচ্ছেন। দেশের গণমাধ্যমকে আন্তর্জাতিক নীতিমালা মেনে এ ধরনের খবর ছোট করে প্রচার করতে হবে। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহবুবা নাসরীনও আলোচনায় অংশ নেন।