আত্মহত্যার ঘটনা মীমাংসার জন্য পুলিশের চাপ!
সাদা কাগজে সাক্ষর না দেওয়ায় এক অভিযোগকারীকে টাঙ্গাইলের মির্জাপুরে থানার এক উপপরিদর্শক (এসআই) বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে মির্জাপুর থানায় এ ঘটনা ঘটে।
আহত ওই ব্যক্তির নাম হুমায়ুন কবির অনিক। তিনি কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত এসআইয়ের নাম রাজিউর রহমান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৬ মার্চ উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর সোনাতলা পাড়ার শামছুল আলমের মেয়ে সালমা তাঁর শ্বশুর বাড়ি উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামে আত্মহত্যা করেন। এ ঘটনায় সালমার ভাই হুমায়ুন কবির তাঁর বোনকে নির্যাতন করে হত্যার অভিযোগে বোনের ভাশুর আবদুল মান্নানসহ তিনজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন।
আজ সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, আজ দুপুরে এসআই রাজিউর মোবাইলে তাঁকে জানান আসামি মান্নানকে আটক করা হয়েছে। আধঘণ্টার মধ্যে থানায় না গেলে আসামিকে ছেড়ে দেওয়া হবে। পরে তিনি থানায় গেলে সেখানে রাজিউর বিবাদী পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করে মান্নানকে ছেড়ে দেওয়ার কথা বলেন। এ জন্য হুমায়ুনকে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলেন। কিন্তু তাতে হুমায়ুন রাজি না হয়ে থানা থেকে বেরিয়ে যান। পরে রাজিউর রাস্তা থেকে হুমায়ুনের গেঞ্জি ধরে টেনে-হিঁচড়ে ও চড়-থাপ্পড় এবং কিল-ঘুষিসহ বেধড়ক পিটিয়ে তাঁকে থানা-হাজতে ঢোকান। কিছুক্ষণ পর হুমায়ুনের স্বজনেরা এসে হুমায়ুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করায়।
এসআই রাজিউর রহমান হুমায়ুনকে মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, তারা দুই পক্ষ বাইরে থেকে ওই বিষয়টি মীমাংসা করে এসেছিলেন। এ বিষয়ে উভয় পক্ষের স্বাক্ষর চাওয়া হয়েছিল। কিন্তু হুমায়ুন স্বাক্ষর দেননি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ‘আমার নির্দেশে আসামি মান্নানকে আটক করা হয়। আসামি ধরার পর দুই পক্ষ মীমাংসার কথা বলে নিজেরাই ঝগড়া করে। এখন পুলিশের দোষ হয়েছে।’ রাতে