আত্মহত্যার পথ বেছে নিল শিশু রবিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবুঝ শিশু রবিন। শখ হয়েছিল একটি মুঠোফোনের। এ শখ মেটাতে বাবার জমানো টাকা গোপনে নিয়ে গিয়ে কিনেছিল একটি মুঠোফোন। এ নিয়ে বাবার বকুনি আর মারধরের পর অভিমান করে গত বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রবিন। তার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীবাড়ী গ্রামে। পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শ্রীবাড়ী গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি নজরুল ইসলামের ছেলে রবিন (১১) এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শ্রীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিচ্ছিল। গত বৃহস্পতিবার ছিল তার বাংলা পরীক্ষা। পরীক্ষা দিতে যাওয়ার সময় সে বাবার জমানো টাকা থেকে গোপনে তিন হাজার টাকা নিয়ে যায়। পরীক্ষা শেষে দুপুরে বাড়ি ফেরার সময় সে একটি মুঠোফোন কিনে নিয়ে আসে। না বলে টাকা নিয়ে মুঠোফোন কেনায় বাবা নজরুল উত্তেজিত হয়ে ছেলেকে বকাঝকা ও মারধর করেন। এ ঘটনার পর অভিমান করে দুপুরের খাবার না খেয়েই রবিন বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরও সে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে গতকাল শুক্রবার ভোরে রবিনের মৃতদেহ বাড়ির সামনের একটি লাউগাছের মাচায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ঘিওর থানার পুলিশ সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।