ঝিনাইদহ সদর উপজেলার কালা গ্রামের আকমাল হোসেনের মা কমেলা খাতুন মারা গিয়েছিলেন আত্মহত্যা করে। স্ত্রী লিপি খাতুনও একইভাবে মারা যান। সংসার বাঁচাতে আকমাল তিন বিয়ে করেছিলেন। পাঁচ বছর আগে সেই দ্বিতীয় স্ত্রী গোলাপী খাতুনও আত্মহত্যা করেন। আকমাল হোসেনের মতো এ ধরনের সমস্যা রয়েছে ঝিনাইদহ জেলার অনেক পরিবারে। এই এলাকার নারী-পুরুষেরা সামান্য বিষয় নিয়ে কারও সঙ্গে বচসা হলেই বেছে নেন আত্মহত্যার পথ। ঝিনাইদহ জেলা দেশের মধ্যে আত্মহত্যাপ্রবণ একটি এলাকা। এখানকার মানুষ কথায় কথায় কীটনাশক পান অথবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এক রশিতে ঝুলে দুজন আত্মহত্যা করেছেন—এমন ঘটনাও একাধিক। পুলিশ সুপার ও সিভিল সার্জন দপ্তরের হিসাব অনুযায়ী ২০০৫ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত জেলায় আত্মহত্যার চেষ্টা করেছেন ১৬ হাজার ৬৩০ জন। এর মধ্যে মারা গেছেন এক হাজার ৫৫৭ জন। যার বেশির ভাগ নারী। একাধিক আত্মহত্যা করেছেন, এমন কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগ আত্মহত্যার কারণ পারিবারিক কলহ। সদর উপজেলার কালা গ্রামের আকমাল হোসেন জানান, বাবা শের আলীর সঙ্গে গোলমাল করে তাঁর মা কমেলা খাতুন আত্মহত্যা করেন। এরপর তিনি বিয়ে করেন লক্ষ্মীপুর গ্রামের লিপি খাতুনকে। বাবার বাড়ি লোকজনের সঙ্গে বচসা করে তিনিও আত্মহত্যা করেন। আকমাল হোসেন জানান, একমাত্র ছেলে লিপুর কথা চিন্তা করে তিনি আবার বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী গোলাপী বিয়ের সাত-আট বছর পর তাঁর সঙ্গে বচসার পর আত্মহত্যা করেন। এঁরা দুজনই কীটনাশক কীভাবে সংগ্রহ করেছিলেন, তা আজও তাঁর জানা হয়নি।কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের আবুল হোসেনের তিন সন্তান কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। তাঁদের ভাই মসলেম আলী জানান, ইসলাম ও মতিয়ার বাবার সঙ্গে সামান্য বিষয়ে গোলমাল হলে কীটনাশক পান করেন। আর তাঁদের বোন আকলিমার বচসা হয় মায়ের সঙ্গে। তিনি বলেন, তিনটি ঘটনায় ছিল খুবই সামান্য বিষয় নিয়ে। কিন্তু এসব ঘটনা তাঁদের পরিবারকে দুমড়ে-মুচড়ে দিয়েছে। ঝিনাইদহের শিক্ষাবিদ এম এন শাহজালাল মনে করেন, এ অঞ্চলটি ততটা উন্নত নয়। যে কারণে মানুষের জীবনযাপনে অনেক ঘাত-প্রতিঘাত পার করতে হয়। আর তখনই বিষণ্নতা দেখা দেয়; যা পরিবারের সদস্যদের মধ্যে বচসা তৈরি করে। যে কারণে অনেকে আত্মহত্যার পথ বেছে নেন। এ ছাড়া বাল্যবিবাহের কারণেও অনেক সময় পারিবারিক অশান্তি দেখা দেয়। তিনি মনে করেন, আত্মহত্যা প্রতিরোধ করতে হলে মানুষকে সুশিক্ষিত করে তোলা, এলাকার আর্থসামাজিক উন্নয়ন করা এবং সচেতনতা সৃষ্টি করা জরুরি। ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাশেদ আল মামুনের একই মত। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন ও ইসলামি স্টাডিজ বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র মো. শাহিনুর রহমান জানান, মানুষের দেহ মানুষের সৃষ্টি না হওয়ায় এটা নির্বাসনের ক্ষেত্রে নিজের ইচ্ছা প্রয়োগ করা ইসলামে নিষিদ্ধ। তাই আত্মহত্যা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে।