চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিদাত সারিমা রহমান হত্যা মামলার আসামি এস এম তোহা ওরফে সৌরভ গতকাল রোববার ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তিনি বলেন, ছুরি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন মিদাত। তখন তাঁকে পেছন থেকে জাপটে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তিনি। গতকাল মহানগর হাকিম আজিজুল হকের আদালতে তোহা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ১৬ পৃষ্ঠার জবানবন্দিতে মিদাতের সঙ্গে অসম প্রেম, অতঃপর প্রত্যাখ্যান এবং হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেন তোহা।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘মিদাত হত্যা মামলার আসামি তোহার জবানবন্দি নথিভুক্ত হওয়ার বিষয়টি আমরা মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছি।’জবানবন্দিতে তোহা বলেন, সাফাত ইশতিয়াক ছুরি দিয়ে পাল্টা আঘাত করবে—এ আশঙ্কায় মিদাতকে হত্যার কাজে ব্যবহূত ছুরিটি পাশের ভবনের ছাদে ছুড়ে ফেলে দেন তিনি।জবানবন্দিতে তোহা বলেন, ২০০৩ সালে ঈদুল ফিতরের পরদিন মিদাতের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেদিন জিইসির সেন্ট্রাল প্লাজা মার্কেটে আড্ডা দেওয়ার সময় মিদাতকে তাঁর বাসার আঙিনায় দেখে সাহস করে কথা বলতে যান তোহা। কী নাম, কোথায় পড়ে—এসব জিজ্ঞাসা করার পর নিজের মোবাইল নম্বরটি দিয়ে আসেন মিদাতকে। এরপর তাঁদের সম্পর্ক ধীরে ধীরে প্রেমে গড়ায়।তোহার পড়ালেখা নিয়ে মিদাত সব সময় উদ্বিগ্ন ছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন তোহা। তোহা বলেন, ‘এসব কারণে প্রায় পাঁচ-ছয় মাস আগে সে আমাকে মোবাইলে জানায়, আমার সঙ্গে সে আর সম্পর্ক রাখবে না।’হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে তোহা বলেন, ‘প্রায় ১০ মিনিট কথা বলার পরও যখন মিদাত রাজি হচ্ছিল না, তখন আমি কাগজের থলে থেকে ছুরি বের করে আমার দিকে তাক করি। তাকে বোঝাতে চেয়েছি, আমি আত্মহত্যা করছি। তখন সে দৌড়ে ছাদ থেকে নামার চেষ্টা করে। দু-তিন কদম যেতেই বাঁ হাত দিয়ে তার বাঁ বাহু ধরে ছুরি দিয়ে পেটের ডান পাশে আঘাত করি। দ্বিতীয় আঘাতটি করি তার বুকে। সে ঝুঁকে পড়ায় তৃতীয় ছুরিকাঘাত করি তার পিঠে।’জবানবন্দিতে তোহা বলেন, ‘ঘটনার পাঁচ-ছয় দিন আগে আমি ছুরি নিয়ে যাওয়ার পরিকল্পনা করি। আমার বিশ্বাস ছিল, আমি তার সামনে ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে সে হয়তো আমার সঙ্গে সম্পর্ক রাখতে রাজি হবে।’