আত্মহত্যার ৭৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচান্দা গ্রামে আত্মহত্যার ৭৩ দিন পর ময়নাতদন্তের জন্য ফয়েজ আহমদ (৭০) নামের এক বৃদ্ধের লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের আদেশে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে লাশ উত্তোলন করা হয়।উত্তোলনের সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সামশুজ্জামান ও মামলা তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। ফয়েজ আহমদ পহরচান্দার মৃত সাঁচি মিঞার ছেলে।জানা যায়, ফয়েজ আহমদ গত ৭ সেপ্টেম্বর সকাল আটটায় পারিবারিক কলহকে কেন্দ্র করে কীটনাশক পান করেন। পরে চিকিৎসার জন্য তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রাণ হারান। মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়াই বাড়ির দক্ষিণ পাশে এক খালি জায়গায় লাশ দাফন করা হয়। ফয়েজ আহমদের প্রথম স্ত্রীর ছেলে নুরুল আলম (৩৫) গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম শহরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুটিবিলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফরিদুল আলমসহ বাদীর সৎভাই ও সৎমাকে আসামি করা হয়। মামলার বিবরণে জানা গেছে, জায়গা-জমি দখলকে কেন্দ্র করে ফয়েজ আহমদকে হত্যার পর মুখে বিষ ঢেলে দেওয়া হয়।