আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় বখাটেদের হাতে নির্যাতিত মেধাবী ছাত্র সাদিদ ফারজিন অর্ণবের আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি, সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাদিদ ফারজিন অর্ণব মৃত্যুর আগে লিখে যাওয়া চিরকুট তদন্ত করে বখাটে রাহুল ও পাভেলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
শিক্ষার্থীরা জানায়, চিরকুটের বর্ণনা অনুযায়ী বখাটে রাহুল ও পাভেল মেধাবী ছাত্র অর্ণবকে একটি মেয়ের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে ছয় দফা পিটিয়েছে। এতেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। তারা অবিলম্বে বখাটে রাহুল ও পাভেলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
অর্ণবের মামা সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক সফিকুর রহমান জানান, তাঁর ভাগনে অর্ণব ছিল সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের মেধাবী ছাত্র। সে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। কিন্তু ফল প্রকাশের দুই দিন আগে ৯ মে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় নিজেদের বাড়িতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। মৃত্যুর আগে তার লিখে যাওয়া ছয় পৃষ্ঠার চিঠিতে বেরিয়ে আসে আত্মহত্যার নেপথ্য কারণ। চিঠি প্রকাশ হয়ে পড়ায় ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
চিঠিতে অর্ণব লিখেছে, একটি মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে রাহুল, পাভেলসহ কয়েকজন বখাটে তাকে ছয়বার মারপিট করেছে। এতে অপমান, ক্ষোভ ও দুঃখে সে আত্মহত্যার পথ বাধ্য হয়ে বেছে নিয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, আত্মহত্যার কারণ তাঁর জানা ছিল না। নিহত অর্ণবের লিখে যাওয়া চিঠি সম্পর্কে তিনি জেনেছেন। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।