আত্মহত্যায় প্ররোচনাকারীর গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্কুলছাত্রী নাজমা আক্তারের আত্মহত্যা ঘটনার এক সপ্তাহের বেশি সময় পার হলেও আত্মহত্যায় প্ররোচনাকারী অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে নাজমার পরিবার ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।এদিকে নাজমার আত্মহত্যায় প্ররোচনাকারীকে গ্রেপ্তার এবং তার বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার নোয়াখালী শহরের টাউন হল মোড়ে মানববন্ধন হয়েছে। সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।বাসদ, সিপিবি, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের নেতা-কর্মী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা মানববন্ধন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এতে অংশ নেন। সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা শাখার আহ্বায়ক অঞ্জনা রায়, সদস্যসচিব সুলতানা রাজিয়া প্রমুখ কর্মসূচিতে বক্তব্য দেন।উল্লেখ্য, সোনাইমুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী নাজমা আক্তার ২২ মার্চ কীটনাশক পানে আত্মহত্যা করে। সুজন (২০) নামের এক ব্যক্তির উত্ত্যক্তের মুখে অতিষ্ঠ হয়ে সে কীটনাশক পান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাজমার বড় ভাই মো. হানিফ প্রথম আলোকে বলেন, ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও সুজনকে গ্রেপ্তার করতে না পারার বিষয়টি দুঃখজনক।