নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর গোয়ালদী গ্রামের কলেজছাত্রী ফারহানা ইসলাম রিমির আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শামীম মিয়াকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার প্রতীকী অনশন কর্মসূচি পালন করে সোনারগাঁ নাগরিক কমিটি।সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামালের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সোনারগাঁ নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল কবির ভূঁইয়া, ফারহানার মামা কামরুল হাসান। বক্তারা বলেন, এক বছর আগে ফারহানার পরিবার শামীমের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনা ঘটেছে।শ্লীলতাহানির অপমান সইতে না পেরে গত শনিবার ফারহানা আত্মহত্যা করে। এর আগে শামীম মিয়া (৩১) নামের স্থানীয় এক ব্যক্তি প্রকাশ্যে তার শ্লীলতাহানি করেন। ফারহানা সোনারগাঁ ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।