আত্মহত্যায় প্ররোচনার মামলা করে পালিয়ে বেড়াচ্ছে এক পরিবার
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করে আসামিদের হুমকিতে অবসরপ্রাপ্ত একজন সেনাসদস্য ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। বহেরা গ্রামের মাহবুব আলম ও সোহরাব বিশ্বাস জানান, উপজেলার বহেরা গ্রামের মাহবুবুর রহমান চলতি বছরের মাঝামাঝি সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর গ্রামে এসে মাদকের বিরুদ্ধে প্রতিবাদী হন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন নূরুল ইসলাম, শেখ আলাউদ্দিন ও সালেহা খাতুন। মাহবুবের মেয়ে বহেরা এ টি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শেণীর ছাত্রী মাকছুদা পারভিন ১৬ জুলাই সকালে বাড়ি ফেরার পথে নূরুল ইসলাম ও তাঁর সহযোগীরা তাকে উত্ত্যক্ত করেন। এর প্রতিবাদ করায় তাঁরা মাকছুদার শ্লীলতাহানি ঘটান এবং মারপিট করেন। এ ঘটনায় মাহবুব থানায় মামলা করেন। মাহবুব জানান, ওই ঘটনার পর সালেহা খাতুন বাদী হয়ে শ্লীলতাহানি এবং ঘরে ঢুকে টাকা ও সোনার গয়না চুরির অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে ২ আগস্ট আদালতে মামলা করেন। তিনি আরও জানান, ১২ সেপ্টেম্বর তিনি মাকছুদাকে নিয়ে বাড়ি ফেরার পথে বহেরা এ টি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নূরুল ইসলাম, শেখ আলাউদ্দিন ও সালেহা খাতুনসহ কয়েকজন মাকছুদাকে অপমান করেন এবং আপত্তিকর মন্তব্য করেন। মনোকষ্ট ও অপমানে পরের দিন বিষপানে মাকছুদা আত্মহত্যা করে। ১৪ সেপ্টেম্বর মাহবুব ওই তিনজনের নাম উল্লেখ করে আত্মহত্যায় প্ররোচনা এবং নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ নূরুল ইসলাম ও সালেহা খাতুনকে গ্রেপ্তার করে। এক মাস পর সালেহা জামিনে মুক্তি পান। মাহবুব অভিযোগ করেন, আসামি শেখ আলাউদ্দিন ও তাঁর ছেলে শেখ মোর্শেদ মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তাঁরা নিরাপত্তাহীনতায় বাড়িঘর ফেলে পালিয়ে বেড়াচ্ছেন।সোমবার সরেজমিনে দেখা যায়, মাহবুবুর রহমানের দোতলা বাড়িতে তালা ঝুলছে। প্রতিবেশী রহিমা খাতুন, সকিনা খাতুন, রঞ্জিনা খাতুন ও শাহ আজিজুল ইসলাম জানান, ভয়ে মাহবুবুর রহমান ও তাঁর স্ত্রী মাহমুদা খানম একমাত্র ছেলেকে নিয়ে অন্যত্র চলে গেছেন। মামলার আসামি শেখ আলাউদ্দিন হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। দেবহাটা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিষয়টি তদন্ত করেন। তদন্ত প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, অপমানিত হয়ে ক্ষোভে মাকছুদা আত্মহত্যা করেছে বলে মনে হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, মামলার তিনজন আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজন পলাতক।