আত্মহনন রোধে পর্যবেক্ষণ কমিটি গঠনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় গতকাল মঙ্গলবার স্কুলছাত্রী হাসনা রহমান সিনথিয়ার আত্মহননের ঘটনা নিয়ে আলোচনা হয়। এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সে লক্ষ্যে প্রতিটি উপজেলায় পর্যবেক্ষণ কমিটি গঠন ও জেলার প্রতি বিদ্যালয়ে অভিযোগ বাক্স খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে একটি ‘হট ফোন লাইন’ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ফোন ২৪ ঘণ্টা সচল থাকবে এবং দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান দেওয়া হবে। এ ছাড়া ছাত্রীদের জড়তা কাটাতে এবং আত্মহত্যার প্রবণতা বন্ধে ‘আত্মহত্যাই শেষ কথা নয়’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার ব্যাপারে আলোচনা হয়।সভায় জেলার মাদক নিয়ন্ত্রণ, মাওয়া ফেরিঘাটে যাত্রী হয়রানি, ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি, শহরে প্রকাশ্যে প্রবাসী ব্যবসায়ী হত্যা ও লৌহজংয়ে খুলনার সাংবাদিকের লাশ উদ্ধার নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এ ছাড়া রমজান মাসে গ্যাস ও বিদ্যুৎ-বিভ্রাট, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য ওঠানামা এবং টিসিবির ডিলারদের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়।বেলা ১১টায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে এই সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজিজুল আলম। আলোচনায় অংশ নেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, হিমাগার অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন, পৌরসভার মেয়র মুজিবুর রহমান ও মোহাম্মদ হোসেন, আওয়ামী লীগের নেতা তোফাজ্জল হোসেন ও জামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেসা ও মনসুর আহমেদ, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন ও বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা। বখাটে জাহাঙ্গীর এক দিনের রিমান্ডে সিনথিয়ার আত্মহননে প্ররোচনার মামলার আসামি বখাটে জাহাঙ্গীরকে গতকাল এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। জাহাঙ্গীরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ গত সোমবার আদালতে আবেদন করে। মুন্সিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল হাসনাত গতকাল এই রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আরেক আসামি হাকিমকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। পুলিশ জানায়, সিনথিয়ার আত্মহত্যার ঘটনার দিন (১১ আগস্ট) রাতেই জাহাঙ্গীর এবং ১৫ আগস্ট বিকেলে হাকিমকে (৪৫) শ্রীনগরের বাড়ৈখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।