আত্মীয়কে সুবিধা করে দিতে স্ত্রীকে পরিদর্শক করলেন অধ্যক্ষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আত্মীয়কে সুবিধা করে দিতে গাজীপুরের কাজী আজিম উদ্দিন কলেজের অধ্যক্ষ তাঁর স্ত্রীকে পরীক্ষার হলে পরিদর্শকের দায়িত্ব দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জেলা প্রশাসন সূত্র জানায়, সদর উপজেলার কাজী আজিম উদ্দিন কলেজ কেন্দ্রে গতকাল শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়। কেন্দ্রসচিবের দায়িত্ব পালন করেন কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন। তাঁর আত্মীয় রুবিনা আক্তার পরীক্ষায় অংশ নেন। তাঁর আসন ছিল কলেজের ২৯ নম্বর কক্ষে। পরীক্ষায় ওই আত্মীয়কে সুবিধা করে দিতে অধ্যক্ষ তাঁর স্ত্রী ঢাকার মিরপুর আদর্শ বিদ্যালয়ের শিক্ষক মোর্শেদা বেগমকে ওই কক্ষে পরিদর্শকের দায়িত্ব দেন। সকাল ১০টায় নিয়োগ পরীক্ষা শুরুর প্রায় আধা ঘণ্টা পর বিষয়টি জানাজানি হয়ে যায়। কেন্দ্রের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট কামরুননাহার বিষয়টি জানতে পেরে মোর্শেদা বেগমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে দেন।অধ্যক্ষ আলতাফ হোসেন বলেন, তাঁর কোনো আত্মীয় নিয়োগ পরীক্ষায় অংশ নেননি। ২৯ নম্বর কক্ষে একজন পরিদর্শক কম থাকায় তাঁর স্ত্রীকে সেখানে দায়িত্বে পাঠানো হয়েছিল। তাঁর দাবি, তাঁর স্ত্রীও একজন শিক্ষক। তাই তাঁকে সেখানে দায়িত্ব দিয়ে কোনো অন্যায় করা হয়নি।কেন্দ্রের দায়িত্বে থাকা গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুননাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান সারওয়ার বলেন, কলেজের অধ্যক্ষ তাঁর স্ত্রীর মাধ্যমে আত্মীয়কে সহযোগিতা করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, অধ্যক্ষ আলতাফ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজের পরিচালনা কমিটির কাছে চিঠি দেওয়া হবে।