আত্মীয়দের নিয়োগ দিতে অধ্যক্ষের জালিয়াতি!
ভুয়া ইস্তফাপত্র দেখিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ভুরারঘাট এমইউ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষসহ চারজন শিক্ষককে চাকরিচ্যুত করে তাঁদের পদে নতুন লোক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াত হোসেনের স্ত্রী ও তিনজন নিকটাত্মীয়।সাখাওয়াত হোসেন পরিচালনা কমিটির সদস্যদের সই জাল এবং ভুয়া ইস্তফাপত্র তৈরি করে তাঁদের নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চাকরিচ্যুত ওই চারজন হলেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, প্রভাষক ইউনুস আলী, সহকারী শিক্ষক আহম্মদ আলী ও আবুল কালাম।মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাদ্রাসাটি ১৯৪৮ সালে স্থাপিত হয়। এখানে বর্তমানে ২৭ জন শিক্ষক আছে। এর মধ্যে আহমঞ্চদ আলী ১৯৮৫ সালে এমপিওভুক্ত হন। কিন্তু ২০১০ সালের জুলাই মাসে তাঁর নাম এমপিও থেকে বাদ পড়ে। তিনি ঢাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর নামে ইস্তফাপত্র জমা দিয়ে তাঁর জায়গায় অন্য শিক্ষককে এমপিওভুক্ত করা হয়েছে। আহমঞ্চদ আলী বলেন, ‘এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য একাধিকবার শিক্ষা অধিদপ্তরে আবেদন করি। কিন্তু অধিদপ্তর কোনো পদক্ষেপ নেয়নি। পরে গাইবান্ধা সহকারী জজ আদালতে মামলা করি। আদালত আমার পক্ষে রায় দেন। অথচ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।’আবুল কালাম ২০০৬ সালে সেপ্টেম্বর মাসে এমপিওভুক্ত হন। ২০১০ সালের জুলাই মাসের এমপিও থেকে তাঁর নামও বাদ পড়ে। আহমঞ্চদ আলী ও কালামের পরিবর্তে সাখাওয়াত যথাক্রমে তাঁর ভাগ্নি মোবাশ্বেরা বেগম ও শ্যালকের স্ত্রী নাজমা বেগমকে আরবি শিক্ষক হিসেবে নিয়োগ দেখিয়ে এমপিওভুক্ত করেন।আবুল কালাম বলেন, ‘আমি বিষয়টি নিয়ে শিক্ষা অধিদপ্তরে একাধিকবার আবেদন করেও কোনো ফল পাইনি। তাই ওই সালেই উচ্চ আদালতে রিট করি। মামলাটি বিচারাধীন রয়েছে।’ আজিজুর রহমান ১৯৯৭ সালে এমপিওভুক্ত হন। কিন্তু ২০১২ সালের নভেম্বর মাসের এমপিও থেকে আজিজুর রহমানের নাম কর্তন হয়ে আসে। আজিজুর রহমান বলেন, ‘অধিদপ্তর থেকে কোনো সুরাহা না পেয়ে আমিও উচ্চ আদালতে রিট করেছি। মামলাটি বিচারাধীন।’একই কায়দায় এমপিও থেকে নাম বাদ দেওয়া হয় মাদ্রাসার বাংলা প্রভাষক ইউনুস আলীকে। তিনি ২০০৫ সালে এমপিওভুক্ত হন। ওই দুই শিক্ষকের স্থলে সাখাওয়াতের স্ত্রী দিল আফরোজ ও তাঁর ভাগ্নির স্বামী আবদুল মতিনের নাম সহকারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত করা হয়।ইউনুস আলী অভিযোগ করেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতিসহ কয়েকজন সদস্য সাখাওয়াত হোসেনের নিকটাত্মীয়। এ কারণে সাখাওয়াত ভুয়া কাগজপত্র দিয়ে লোক নিয়োগ ও তাঁদের এমপিওভুক্ত করেছেন।মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াতের স্ত্রীর বড় ভাই আবদুল হান্নান বলেন, ‘আমার জানামতে কোনো শিক্ষকই ইস্তফাপত্র দেননি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াত গোপনে কমিটির সদস্যদের সই জাল করে এই ঘটনা ঘটান।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন ও জেলা শিক্ষা কর্মকর্তা আজাহার আলী বলেন, এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া গেলেও তাঁদের করার কিছুই নেই। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াত হোসেন ভুয়া ইস্তফাপত্র জমা দিয়ে তাঁদের চাকরিচ্যুত করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, দাখিল থেকে ফাজিল পর্যন্ত তৃতীয় বিভাগে পাস করায় আজিজুলকে পরিচালনা কমিটি বরখাস্ত করেছে। বরখাস্তের কাগজপত্র অধিদপ্তরে পাঠালে এমপিও থেকে তাঁর নাম কর্তন হয়। মাদ্রাসায় নিয়মিত না আসা, সনদপত্রে সমস্যাসহ নানা কারণে আহমঞ্চদ আলী, আবুল কালাম ও ইউনুছ আলীকে সাময়িক বরখাস্ত করেছে কমিটি। এসব কারণে তাঁদের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়। বরখাস্ত করার কাগজ দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।