
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে কলকাতায় তাঁর আত্মীয়স্বজন এলে তিনি আদালতে জামিনের আবেদন করবেন। আইনজীবীও নিয়োগ করবেন। তাঁকে গতকাল দুপুরে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে বারাসাত আদালতে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এদিকে নূর হোসেনের সঙ্গী খান সুমনের জামিনের আবেদন গতকাল সোমবার আবারও খারিজ করে দিয়েছেন ভারতের কলকাতার আদালত।
গত ১৪ জুন দুই সঙ্গীসহ গ্রেপ্তার হওয়ার পর নূর হোসেন এখন পর্যন্ত আদালতে জামিনের প্রার্থনা করেননি। জামিনের আবেদন না করায় আদালতে কোনো শুনানিও অনুষ্ঠিত হয়নি। পরে তাঁকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।
তবে খান সুমন প্রথমে ৭ জুলাই জামিনের আবেদন করলে ১৪ জুলাই শুনানি শেষে সেই জামিনের প্রার্থনা খারিজ করেন বারাসাতের মুখ্য বিচারিক হাকিম মধুমিতা রায়। গতকাল আবার জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী তারক চন্দ্র দাস ও অনুপ ঘোষ। তাঁরা আদালতকে জানান, খান সুমন পাসপোর্ট ভিসা নিয়ে বিমানে করে বৈধভাবে এখানে আসেন। এ-সংক্রান্ত যাবতীয় কাগজপত্র আদালতে জমা দেন আইনজীবীরা। কিন্তু সরকারি কৌঁসুলি (পিপি) পল্লব চৌধুরী জামিনের আপত্তি তুলে বলেন, এসব কাগজপত্র ঠিক নেই। এরপরই জামিনের আবেদন খারিজ করে বিচারক ২ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
বিকেলে খান সুমনের আইনজীবী অনুপ ঘোষ প্রথম আলোকে বলেন, এবার তাঁরা জামিনের জন্য জেলা দায়রা জজ আদালতে প্রার্থনা করবেন। সেখানে জামিন না পেলে প্রয়োজনে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হবেন।
কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গত ১৪ জুন নূর হোসেনের সঙ্গে তাঁর দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীমকে গ্রেপ্তার করে পুলিশ।