গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত-শিবিরের তাণ্ডবের পর থেকে এলাকার কেউ আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছেন না। পাশাপাশি বাড়িতে আত্মীয়স্বজন বেড়াতে আসুক, তা-ও কেউ চাইছেন না। গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের সহিংস ঘটনায় করা মামলায় গ্রেপ্তারের ভয়ে এ অবস্থা তৈরি হয়েছে।এসব ঘটনায় শনিবার (২৩ মার্চ) পর্যন্ত সুন্দরগঞ্জ থানায় ৩০টি মামলায় আসামি করা হয়েছে ৫৯ হাজার ৮৪৫ জনকে। এর মধ্যে এক হাজার ৩৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।গত শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে মানুষের মধ্যে গ্রেপ্তার-আতঙ্ক লক্ষ করা গেছে। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলাগুলোতে অজ্ঞাত আসামিই বেশি। এ কারণে গ্রেপ্তার হলে ওই সব মামলায় জড়ানো হতে পারে—এই আশঙ্কায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। রাতে এলাকার পুরুষেরা বাড়িতে থাকছেন না। পাড়া-মহল্লায় অপরিচিত লোক দেখলেই মানুষ সাদা পোশাকের পুলিশ ভেবে কেটে পড়ছেন।বামনডাঙ্গা গ্রামের ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, ‘পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা নেই। কারণ, জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় বিপুলসংখ্যক অজ্ঞাত আসামি। এ সুযোগ কাজে লাগিয়ে পুলিশ মানুষকে হয়রানি করতে পারে। এ কারণে যাঁরা অপরাধী নন, তাঁরাও গ্রেপ্তারের আতঙ্কে ভুগছেন। বাড়িতে অপরিচিত লোক এলে পুলিশ সন্দেহ করতে পারে। এ কারণে বিভিন্ন এলাকার মানুষ আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছেন।’বামনডাঙ্গা বাজারে ওষুধ কিনতে আসা মাস্টারপাড়া এলাকার মুন্নি খাতুন বলেন, ‘আমার স্বামীর বাড়ি ফুলছড়ি উপজেলার উদাখালী গ্রামে। সন্তান প্রসবের জন্য ২ মার্চ বাবার বাড়িতে বেড়াতে এসেছিলাম। কিন্তু গ্রেপ্তার-আতঙ্কের কারণে স্বামী আমাকে দেখতে আসতে পারছেন না। মুঠোফোনে খোঁজখবর নিচ্ছেন।’একই গ্রামের কৃষক মোস্তা মিয়া বলেন, ‘পার্শ্ববর্তী সাদুল্যাপুর উপজেলায় মেয়ের বিয়ে দিয়েছি। তাঁদের বেশ কিছু দিন থেকে আমার বাড়িতে আসার কথা। কিন্তু বামনডাঙ্গায় পুলিশকে পিটিয়ে হত্যার পর থেকে প্রায়ই আমাদের গ্রামে পুলিশ আসে। নতুন লোক দেখলে পুলিশ সন্দেহ করতে পারে। তাই জামাতাকে আসতে নিষেধ করেছি।’সুন্দরগঞ্জ শহরের মীরগঞ্জ এলাকার কলেজছাত্র তাপস কুমার জানান, গ্রেপ্তারের ভয়ে আত্মীয়ের বাড়িতে যাওয়া দূরের কথা, খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। এমনকি অনেকে রাতে নিজ বাড়িতে ঘুমান না।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ঘটনার পর থেকে অপরাধীরা গা ঢাকা দিয়েছে। ফলে তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তার পরও এ পর্যন্ত ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।