আত্মীয়ের লাশ দেখে ফেরার পথে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মীয়ের লাশ দেখে ফেরার পথে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত আটটার দিকে বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম পূর্বাঞ্চল ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁরা হলেন শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের জিয়াউর রহমান (৫০), তাঁর স্ত্রী রেশমা বেগম (৪৫) ও তাঁদের ছেলে আশিক বাবু (৭)। আহত জলি খাতুন (১৮) ও অটোরিকশাচালক মুহিদকে (৩২) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী প্রথম আলোকে বলেন, মৃত আত্মীয়ের লাশ দেখে গাবতলী উপজেলা থেকে অটোরিকশায় মাদলা গ্রামে ফিরছিলেন জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা। রাত আটটার দিকে দূরপাল্লার একটি কোচের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত ও দুজন আহত হন। আহত দুজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।