আত্রাই নদের বাঁশের সেতু ১৭ গ্রামের মানুষের ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলনবিলের আত্রাই নদের ওপর নির্মিত একটি বাঁশের সেতু দিয়ে ১৭টি গ্রামের মানুষ পারাপার হচ্ছে। এ জন্য জনপ্রতি ৫ টাকা ও মোটরসাইকেল বাবদ ১০ টাকা করে নেওয়া হচ্ছে। এখানে এলাকাবাসীর একটি সেতুর দাবি থাকলেও তারা পেয়েছে বাঁশের সাঁকো। বছরের পর বছর এ সাঁকো দিয়ে দুর্ভোগ নিয়েই পারাপারের কাজ চালাচ্ছে তারা।

নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলার সীমান্ত চামারী ইউনিয়নের বিলদহর বাজার পয়েন্টে ওই বাঁশের সাঁকোটি দাঁড়িয়ে আছে। রমজান আলী নামের এক ব্যক্তি খেয়াঘাট ইজারা নিয়ে বাঁশের সাঁকোটি নির্মাণ করে চাঁদা আদায় করছেন।

ইজারাদার রমজান আলী বলেন, এ ঘাট দিয়ে বর্ষায় পারাপারের জন্য খেয়া নৌকা থাকে। শুষ্ক মৌসুমে পানি কমে হাঁটু থেকে কোমর পর্যন্ত হয়। তখন আর নদীতে নৌকা চালানো সম্ভব না হওয়ায় চলাচলের স্বার্থে বাঁশের সাঁকোটি ব্যবহার করে এলাকাবাসী। সাঁকোটি নির্মাণে প্রায় তিন লাখ টাকা খরচ হয়। খরচের টাকা তুলতে জনপ্রতি ৫ এবং প্রতিটি মোটরসাইকেলের জন্য ১০ টাকা করে নিতে হচ্ছে।

স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিযোগ করেন, জনপ্রতি ৫ টাকা করে নেওয়ায় এটিতে পারাপার হতে গিয়ে গরিব মানুষের গলাকাটা যাচ্ছে। অনেক সময় টাকা না থাকলে ইজারাদার খারাপ ব্যবহার করেন।

চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলাম বলেন, এলাকার সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় রেখে বার্ষিক ১০ থেকে ১৫ হাজার টাকায় ঘাটটি ইজারা নেওয়া হয়ে থাকে। সেতু থেকে বাড়তি টাকা আদায়ের বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নদটির দক্ষিণ পাশে আটটি আর উত্তর পাশে ১৭টি গ্রাম রয়েছে। এসব এলাকার প্রায় ২৫-৩০ হাজার মানুষ চলনবিলে উৎপাদিত ফসল নিয়ে  বাঁশের ওই সাঁকোর ওপর দিয়ে প্রতিদিন চলাচল করে থাকে।

চামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেন বলেন, বর্ষায় খেয়া নৌকা আর শুকনায় বাঁশের সেতুর ওপর ভর করে চলছে এসব গ্রামবাসীর জীবনযাত্রা। 

বিলদহর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ বলেন, নদটিতে সেতু না হওয়ায় বর্ষাকালে খেয়া নৌকায় আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে শত শত ছাত্রছাত্রী চলাচল করে। কয়েক বছর আগে একজন স্কুলছাত্র এ সাঁকো থেকে পড়ে মারা যায়।

বিলদহর হাটের ইজারাদার মাহবুল আলম বলেন, নদের উত্তর পাশে রয়েছে কলম, বিয়াস ইউনিয়নসহ বিস্তীর্ণ চলনবিল। ওই এলাকার মানুষ আত্রাই নদ পার হয়ে জেলা শহর নাটোরসহ জেলার অভ্যন্তরে নানা স্থানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। তা ছাড়া কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহনেও বাড়ে ভোগান্তি। বিশেষ করে ইরি-বোরো মৌসুমে কাটা ধান বহনকারী গরু ও মহিষের গাড়ি পারাপারে দুর্ভোগ দেখা দেয়।

স্থানীয় সমাজসেবক বকুল হোসেন জানান, এলাকার মানুষ ভোগান্তি লাঘবের জন্য আত্রাই নদে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে স্থানীয় সাংসদ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন। বিভিন্ন সময় মাপজোক হলেও এ পর্যন্ত তা বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই।

সিংড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হৃদয়চন্দ্র দাস জানান, স্থানীয় সাংসদ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদের নির্দেশে দুই সপ্তাহ আগে মাটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।