আত্রাইয়ে রাবার ড্যাম সেচসংকটে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদে রাবার ড্যাম স্থাপন করা হলেও পানিপ্রবাহের নালাগুলো সংস্কার না করায় চলনবিলে ইরি-বোরো আবাদে সেচসংকট দেখা দিয়েছে। মাস খানেক আগে রাবার ড্যামটি মেরামত শুরু হওয়ায় সমস্যা প্রকট হয়ে উঠছে।
সম্প্রতি রাবার ড্যাম প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, আত্রাই নদে স্থাপিত রাবার ড্যামের সামনে চলনবিলে পানিপ্রবাহের প্রধান হরদমা নালাটির মুখে পলি জমে ভরাট হয়ে গেছে। শ্রীপুর গ্রামের কৃষক আবদুল কুদ্দুস বলেন, রাবার ড্যাম স্থাপন করা হলেও চলনবিলের ভেতর দিয়ে বয়ে যাওয়া নালাগুলো সংস্কার করা হয়নি। ফলে রাবার ড্যামের পানি রিজার্ভ থাকছে না।
রাবার ড্যাম পরিচালনা কমিটির সভাপতি আফজাল হোসেন বলেন, চলনবিলের ভেতর দিয়ে প্রবাহিত নালাগুলো সংস্কার ও রাবার ড্যামের পানি ধরে রাখার জন্য পিপলা ও কুন্দইল পয়েন্ট দুটি ছোট রাবার ড্যামের দাবি উপেক্ষিত হচ্ছে। সম্প্রতি রাবার ড্যামটি সংস্কার শুরু হওয়ায় কৃষকের ভোগান্তিও বেড়েছে।
স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস বলেন, চলনবিলের কৃষি, কৃষক ও জীববৈচিত্র্যের কথা চিন্তা করেই আত্রাই নদে রাবার ড্যাম স্থাপন করা হয়েছিল। কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে পিপলা ও কুন্দইলে ছোট সাইজের রাবার ড্যাম ও নালাগুলো সংস্কারে প্রকল্প প্রণয়নের প্রক্রিয়া চলছে।