আত্রাইয়ে শুঁটকি তৈরির ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই নদে অন্যান্য বছরের চেয়ে এ বছর মাছের বিচরণ অনেক বেশি। এ কারণে প্রতিদিন জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর পরিমাণ মাছ। বাজারে মাছের বিপুল আমদানি আর দাম তুলনামূলক কম হওয়ায় এলাকাজুড়ে শুঁটকি তৈরির ধুম পড়েছে।
উপজেলার তিন-চারজন শুঁটকি ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন ভোর থেকে আত্রাইয়ের রেলওয়ে স্টেশনসংলগ্ন মাছের আড়তে প্রচুর মাছ বিক্রি হচ্ছে। এসব মাছ কিনে শুঁটকি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন এলাকার শুঁটকি ব্যবসায়ীরা। গত কয়েক বছর এলাকায় বন্যা না হওয়ায় আত্রাই নদে দেশীয় প্রজাতির মাছ প্রায় হারিয়ে গিয়েছিল। মাছ না পেয়ে শুঁটকি ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের শিকার হন। এবারের বন্যায় এলাকার বিভিন্ন পুকুরের মাছ নদীতে ভেসে যাওয়ায় নদে মাছ বেশি ধরা পড়ছে। তাই আগের লোকসান পুষিয়ে নিতে এবার তাঁরা কোমর বেঁধে শুঁটকি তৈরিতে নেমে পড়েছেন।
উত্তর জনপদের মৎস্যভান্ডার হিসেবে আত্রাই একটি বিখ্যাত স্থান। প্রতিদিন প্রচুর মাছ আত্রাই উপজেলা থেকে রেল, সড়ক ও নৌপথে দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হয়। রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলের রংপুর, নীলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম, দিনাজপুরসহ দেশের প্রায় ২০-২৫টি জেলায় বাজারজাত করা হয় আত্রাইয়ের শুঁটকি মাছ। মাছের শুঁটকি তৈরি করে জীবিকা নির্বাহ করে উপজেলার কয়েক শ পরিবার।
উপজেলার ভরতেঁতুলিয়া গ্রাম শুঁটকি তৈরিতে বিশেষভাবে খ্যাত। এ গ্রামের শতাধিক শুঁটকি ব্যবসায়ী এ পেশার সঙ্গে সম্পৃক্ত। শুধু বর্ষা মৌসুমে শুঁটকি তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে তাঁরা পরিবারের সারা বছরের ভরণপোষণ নিশ্চিত করেন।
ভরতেঁতুলিয়া গ্রামের শুঁটকি ব্যবসায়ী মাজেদুল ইসলাম বলেন, গত কয়েক বছর বাজার মন্দা থাকায় শুঁটকি ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছিলেন। কাঁচা মাছের আমদানি কম থাকা এবং বাজারে মূল্য বেশি থাকায় ব্যবসায়ীরা মাছ শুঁটকি করতে পারেননি। সবকিছু মিলিয়ে তাঁদের গত বছরে অনেক লোকসান গুনতে হয়।
ব্যবসায়ী আবদুস সাত্তার বলেন, এ বছর নদে বিপুল পরিমাণ মাছ ধরা পড়ছে। বাজারে মাছের ব্যাপক আমদানি ও মূল্য কম থাকায় শুঁটকি ব্যবসায়ীরা বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে মাছের শুঁটকি করছেন। শুঁটকির বাজারমূল্য ভালো থাকায় ব্যবসায়ীদের চোখে-মুখে হাসির ঝলক ফুটে উঠেছে।
ব্যবসায়ী মঞ্জুর মোল্লা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে শুঁটকি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। শুঁটকি তৈরিতে টাকা খরচের সঙ্গে সঙ্গে যথেষ্ট শ্রম দিতে হয়। দেশের বিভিন্ন স্থানে আত্রাইয়ের শুঁটকির প্রচুর চাহিদা রয়েছে। এবারের শুঁটকির ব্যবসা লাভজনক হবে বলে আমি আশা করছি।’