আত্রাইয়ের ভাঙনে রাস্তা নদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বন্যায় আত্রাই নদের ভাঙনে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের দুই কিলোমিটার কাঁচা রাস্তা নদে বিলীন হয়ে গেছে। এ কারণে ওই ইউনিয়নের তিন গ্রামের প্রায় ২০ হাজার মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে।
সরেজমিনে ১১ সেপ্টেম্বর ভাঙনকবলিত এলাকায় গিয়ে দেখা যায়, শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর, কাশিমনগর আশ্রয়ণ প্রকল্প ও আদিবাসী পাড়া—এই তিনটি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আত্রাই নদ। গ্রাম তিনটিতে প্রায় ২০ হাজার মানুষের বাস। বীরগঞ্জ-ঝাড়বাড়ী হয়ে ঠাকুরগাঁও এবং দেবীগঞ্জগামী পাকা রাস্তা পার হয়ে গ্রাম তিনটিতে যাওয়ার একমাত্র কাঁচা রাস্তাটি ছিল নদের কোল ঘেঁষে। এবারের টানা বৃষ্টি ও উজানের ঢলে পাঁচ কিলোমিটার দীর্ঘ এ রাস্তার নদের পাড় লাগোয়া দুই কিলোমিটার অংশই নদে বিলীন হয়। এ কারণে ওই রাস্তা দিয়ে চলাচলকারী তিনটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
কাশিমনগর গ্রামের স্কুলশিক্ষক একরামুল হক বলেন, গত বছর থেকেই আত্রাই নদের ভাঙন রাস্তার দিকে এগোচ্ছিল। গত বছর কোনোভাবে রাস্তাটি টিকে গেলেও এবারের টানা বৃষ্টি আর উজানের ঢলে নদের পানি বেড়ে প্রবল স্রোতে রাস্তার দুই কিলোমিটার অংশ শেষ পর্যন্ত ভেঙে যায়। বিকল্প কোনো রাস্তা না থাকায় এখন কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে ওই গ্রাম তিনটির মানুষ।
কাশিমনগর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা দিনমজুর রবিউল ইসলাম বলেন, সাইকেল, মোটরসাইকেল—কোনো যানবাহনই ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। জরুরি প্রয়োজনে মানুষ ফসলি জমির আইল দিয়ে হেঁটে চলাচল করছে। এ তিন গ্রাম থেকে কেউ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নেওয়ারও উপায় নেই বলে তিনি জানান।
ইউপি চেয়ারম্যান কে এম কুতুব উদ্দিন রাস্তাটি ভেঙে তিন গ্রামের মানুষ গৃহবন্দী হয়ে পড়ার কথা স্বীকার করে বলেন, রাস্তাটি দিয়ে নদীর ঘাট পেরিয়ে ইউনিয়নের বাসিন্দারা তাদের উৎপাদিত পণ্য অল্প সময়ে খানসামা উপজেলার ভবানীপুর ও মরিয়ম বাজারে নিতে পারত। কিন্তু রাস্তাটি ভেঙে যাওয়ায় স্থানীয় কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা মালামাল নিয়ে বিপাকে পড়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। এরই মধ্যে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।
বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, তিনি ওই তিন গ্রাম পরিদর্শন করেছেন। গ্রামবাসীর দুর্দশা দেখে এসেছেন। কিন্তু রাস্তাটি নতুন করে নির্মাণ বা সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ উপজেলা চেয়ারম্যানের হাতে নেই। তারপরও গ্রামবাসীকে লিখিত আবেদন করতে বলেছেন। এলাকার সংসদ সদস্যের মাধ্যমে রাস্তাটি পুনর্নির্মাণে উদ্যোগ নেবেন বলে তিনি জানান।