আত্রাইয়ে আ.লীগের প্রার্থী চূড়ান্ত, বিএনপির প্রক্রিয়াধীন
নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীদের দৌড়ঝাঁপ বেড়ে গেছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ মে উপজেলার আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন জানান, ৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এ ছাড়া ১০ ও ১১ এপ্রিল বাছাই, ১৮ এপ্রিল প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে। উপজেলার আট ইউনিয়নে ৭৫টি কেন্দ্রে ৪৭০টি বুথে ভোট নেওয়া হবে।
এদিকে তফসিল ঘোষণার অনেক আগেই আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী নির্বাচন করা হলেও বিএনপি এখন পর্যন্ত কোনো প্রার্থী নির্বাচন করেনি। থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বলেন, ‘আমাদের প্রার্থী নির্বাচন-প্রক্রিয়া চলছে। অল্প সময়ের মধ্যে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন শাহাগোলা ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, ভোঁপাড়া ইউপিতে আওয়ামী লীগের নেতা জানবক্স সরদার, আহসানগঞ্জ ইউপিতে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আক্কাস আলী, পাঁচুপুর ইউপিতে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আফসার আলী প্রামাণিক, বিশা ইউপিতে আওয়ামী লীগের নেতা ও বর্তমান চেয়ারম্যান আবদুল মান্নান মোল্লা, মনিয়ারী ইউপিতে আল্লামা শের-ই বিপ্লব, কালিকাপুর ইউপিতে আওয়ামী লীগের নেতা নাজমুল হক এবং হাটকালুপাড়া ইউপিতে আমজাদ হোসেন।