আত্রাইয়ে আমন ধান রোপণ শুরু, ফের বন্যার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্রাইয়ে দেরিতে হলেও শুরু হয়েছে আমন রোপণ। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
আত্রাইয়ে দেরিতে হলেও শুরু হয়েছে আমন রোপণ। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

শ্রাবণের শুরু থেকেই কৃষকদের আমন রোপণ করার কথা থাকলেও বন্যার কারণে নওগাঁর আত্রাই উপজেলায় তা শুরু হয়েছে ইদানীং। বন্যার পানিতে টান ধরার পর এখানে স্বল্প পরিসরে আমন ধান রোপণ শুরু হয়েছে। অনেক ফসলি মাঠ এখনো জলাবদ্ধ। তাই কৃষকেরা এখনো পুরোদমে ধান রোপণ শুরু করতে পারছেন না। সেই সঙ্গে আবার বন্যার আশঙ্কাও করছেন তাঁরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার আটটি ইউনিয়নে প্রায় ৬ হাজার ২০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের ভয়াবহ বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় অনেকে এবারও বন্যার আশঙ্কায় ধীরগতিতে ধান রোপণ করছেন।
গত বছর ধান রোপণের পরপরই বন্যায় ছোট যমুনা নদীর মির্জাপুর নামক স্থানে আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়ক ভেঙে যায়। এতে নওগাঁর আত্রাই, রানীনগর ও বগুড়ার আদমদীঘি উপজেলার প্রায় সব জমির আবাদি ফসল পানিতে তলিয়ে যায়। এতে উপজেলার অধিকাংশ কৃষক ক্ষতির শিকার হন।

কৃষকেরা বলেন, এবারও মির্জাপুর নামক স্থানে সদ্য সংস্কার করা বাঁধে নতুন করে ফাটল দেখা দেওয়ায় উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছেন কৃষকেরা। ওই স্থানে বাঁধ ভাঙলে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে।

শাহাগোলা গ্রামের কৃষক আজাদ সরদার বলেন, ‘গত বছরের বন্যায় আমনের ধান নষ্ট হয়ে প্রায় দেড় লাখ টাকা লোকসান হয়েছিল। এবার অল্প কিছু জমিতে রোপা-আমন চাষ করছি। জানি না ভাগ্যে কী আছে।’

একই গ্রামের রফিকুল ইসলাম জানান, ‘গত বছর প্রায় ১৫-২০ বিঘা জমির ধান বন্যার পানিতে তলিয়ে গিয়ে নষ্ট হয়ে যায়। এবার কিছু জমিতে আমন চাষের প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে প্রায় অর্ধেক জমি রোপণ করা হয়েছে। বন্যার আশঙ্কায় ধান রোপণ কিছুটা বিলম্ব করতে হচ্ছে।’

আহসানগঞ্জ ইউনিয়নের বজ্রপুর গ্রামের আবদুল মজিদ মণ্ডল বলেন, ‘এবার ধান রোপণ করার পর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বেশ কিছু জমির ধান পানিতে তলিয়ে গেছে। মাঠে জলাবদ্ধতা থাকায় এখনো পুরোদমে ধান রোপণ করা যাচ্ছে না।’

উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার বলেন, ‘কৃষকেরা যেন রোপা আমন চাষে কোনো সমস্যায় না পড়েন সে জন্য সার্বক্ষণিক নজর রাখছি। যেখানেই সমস্যা দেখা যাচ্ছে, সেখানেই দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এলাকায় কিছু পরিমাণ জমিতে ধান রোপণ সম্পন্ন হয়েছে। নিম্নাঞ্চল থেকে বন্যার পানি নেমে গেলে চাষের লক্ষ্যমাত্রা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।’