আত্রাইয়ে কারিগরি শাখার শিক্ষার্থীরা এখনো নতুন বই পায়নি
নওগাঁর আত্রাইয়ে নতুন বছরের ১০ দিন চলে গেলেও কারিগরি শাখার শিক্ষার্থীরা নতুন বই পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে এ শাখায় লেখাপড়া করা শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ছে।
সমমানের বিদ্যালয়গুলোর সাধারণ শাখার শিক্ষার্থীরা বছরের প্রথম দিন ১ জানুয়ারিই নতুন বই পেয়ে গেছে। কিন্তু গতকাল ১০ জানুয়ারি পর্যন্ত নতুন বই পায়নি কারিগরি শাখার শিক্ষার্থীরা।
জানা গেছে, উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শাখা চালু আছে। এসব প্রতিষ্ঠানের কারিগরি শাখায় পাঁচ শতাধিক শিক্ষার্থী রয়েছে। আত্রাই কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছাইফুল ইসলাম বলেন, ‘অন্যান্যবার যথা সময়ে বই পেয়েছি। এবার এখনো পর্যন্ত নতুন বই পাইনি। এতে করে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম বলেন, ‘আমার দপ্তরে এখনো বই আসেনি। এ জন্য আমি দিতে পারিনি। তবে বই পাওয়ামাত্র দ্রুত তা সরবরাহ করা হবে।’