আত্রাইয়ে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৩
নওগাঁর আত্রাইয়ে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। গত সোমবার রাত নয়টার দিকে উপজেলার তিলাবাদুরী বাজার দুর্গা মন্দিরের প্রাঙ্গণে এই ঘটনাটি ঘটেছে। আহত ব্যক্তিদের প্রাথমিকভাবে ওই রাতেই স্থানীয় পল্লি চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিরা হলেন তিলাবাদুরী গ্রামের শ্রী অর্জুন (২৫), তাপস কুমার (১৫), সুনীল চন্দ্র (২২), নিতাই চন্দ্র (৩০), তৃপ্তি রানী (৬), জামগ্রাম গ্রামের ছাব্বির হোসেন (৮), রাজু (৯), রনি (১২) ও আবদুল খালেক মণ্ডলের ছেলে রেজাউল ইসলাম (৩৫)। বাকি ব্যক্তিদের নাম জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে তিলাবাদুরী বাজার সর্বজনীন মন্দির কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র প্রামাণিক বলেন, রাতে মন্দিরে দুর্গাপূজা শেষে ভোগ-আরতি চলছিল। এ সময় মন্দিরের প্রাঙ্গণে গ্রামবাসীসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ অবস্থায় একটি পাগলা কুকুর একাধারে উপস্থিত লোকদের কামড়াতে শুরু করে। এতে আতঙ্কিত লোকজন চারদিকে ছোটাছুটি শুরু করে। কুকুরের কামড়ে ১৩ জন আহত হন। তবে কুকুরটিকে ধরা যায়নি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সেই সঙ্গে তিনি দাবি করেন, গতকাল সকালে লোকজনকে কামড়ানো ওই পাগলা কুকুরটিকে পুলিশ মেরে ফেলতে সক্ষম হয়েছে।