আত্রাইয়ে জলাশয়ে মাছসংকট, শুঁটকি ব্যবসায়ীরা বিপাকে
নওগাঁর আত্রাইয়ের খালবিলে দেশীয় প্রজাতি মাছের তীব্র সংকট দেখা দেওয়ায় এলাকার শুঁটকি ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। অন্যান্য বছরের তুলনায় এ বছর ভরা বর্ষা মৌসুমেও স্থানীয় হাট-বাজারে দেশি মাছ মিলছে না। এতে বিপাকে পড়েছেন এলাকার শতাধিক শুঁটকি ব্যবসায়ী। সারা বছর পরিবার-পরিজনের ভরণপোষণ কীভাবে চালাবেন, তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই নদ ও স্থানীয় বিভিন্ন খালবিলে বর্ষা মৌসুমে প্রচুর দেশি প্রজাতির মাছ ধরা পড়ত। এই মাছকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে দেশি প্রজাতির মাছের শুঁটকির জমজমাট ব্যবসা। এখান থেকে পুঁটি, খলিসা, টেংরা, গুঁচি, টাকি, শোল ও বোয়ালের শুঁটকি করে দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করেন শতাধিক শুঁটকি ব্যবসায়ী। শুঁটকি তৈরির কাজে ভাদ্র থেকে চৈত্র মাস পর্যন্ত শুঁটকি ব্যবসায়ীদের ঘুম হারাম হয়ে যেত। এ আট মাস শুঁটকি তৈরি ও বাজারজাত করে যে আয় হতো তা দিয়ে তাঁরা পুরো বছর পরিবারের ভরণপোষণ চালাতেন। আত্রাই রেলওয়ে স্টেশন–সংলগ্ন এলাকা, ভরতেঁতুলিয়া ও কেডিসি–সংলগ্ন এলাকা শুঁটকি তৈরির জন্য বিখ্যাত। এ স্থানগুলোতে মৌসুমের শুরুতেই মাচা তৈরি করে নারী-পুরুষের দল মাছের শুঁটকি করতে ব্যস্ত হয়ে পড়েন। পরে এসব শুঁটকি উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, নীলফামারী, দিনাজপুর এবং রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বাজারজাত করেন।
কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এবার বর্ষার শুরু থেকেই অবৈধভাবে মাছ নিধন ও খালবিলে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকায় দেখা দিয়েছে দেশীয় প্রজাতি মাছের তীব্র সংকট। এবার শুঁটকির চাতালগুলোতে মৌসুমের শুরু থেকেই নেই মাছের আনাগোনা।
উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের শুঁটকি ব্যবসায়ী মঞ্জুর হোসেন মোল্লা বলেন, ‘কয়েক বছরের মধ্যে গত বছর শুঁটকির সবচেয়ে ভালো ব্যবসা হয়েছে। এবার নদী ও খালবিলে মাছের যথেষ্ট অভাব ছিল। তাই এ পর্যন্ত আমরা শুঁটকি তৈরিতে হাত দিতে পারিনি। প্রতিবছর শুঁটকির আয় দিয়ে আমরা সংসার চালাতাম। এবার ব্যবসা না থাকায় শুঁটকি ব্যবসায়ীরা উদ্বিগ্ন।’
উপজেলা ঊর্ধ্বতন মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, যে সময় এ এলাকায় বেশি মাছের উৎপাদন হয়, সে সময় এখানে পানির সংকট ছিল। এ জন্য মাছের প্রজনন বাড়েনি। ফলে পর্যাপ্ত পরিমাণ মাছ বাজারে উঠছে না। তবে যতটুকু মাছ বাজারে উঠছে সেগুলোর দামও গতবারের তুলনায় অনেক বেশি হওয়ায় শুঁটকি ব্যবসায়ীরা এ মাছ কিনতে পারছেন না। তবে নতুন করে নদীতে পানি বাড়তে শুরু করেছে। খালবিলে পানি বাড়লে এখনো মাছের বংশ বিস্তারের সম্ভাবনা রয়েছে। তখন হয়তো শুঁটকি ব্যবসায়ীরা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।