আত্রাইয়ে জেএমবির ছয় সদস্য গ্রেপ্তার
নওগাঁর আত্রাই উপজেলা থেকে গত শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই জেলার রানীনগর উপজেলার ভাটকৈ গ্রাম থেকে গতকাল শনিবার মানুষের শরীরের কোমর থেকে নিচের অংশ উদ্ধার করে পুলিশ। খণ্ডিত এই অংশটি গত শুক্রবার আত্রাইয়ের ভোঁপড়া গ্রাম থেকে উদ্ধার করা মস্তকবিহীন লাশের অংশ বলে ধারণা পুলিশের। এ ঘটনায় জড়িত সন্দেহেই আত্রাইয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।আত্রাই থানা সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে জেএমবির তালিকাভুক্ত ছয়জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন: আবদুল হান্নান (৪০), জয়নাল হক (৪১), আয়চান মিয়া (৩০), রাজা মিয়া (৪০), নুরুল ইসলাম (৪১) ও সিরাজ হোসেন (৩৬)।আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান জানান, গত শুক্রবার ভোঁপড়া গ্রাম থেকে একটি মরদেহের মাথা ও কোমরের নিচের অংশ বাদে খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে জেএমবির ওই ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। ওই ছয়জনের বিরুদ্ধে আত্রাই থানায় একাধিক মামলাও রয়েছে। গতকাল শনিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।রানীনগর থানার ওসি শাহরিয়ার খান জানান, স্থানীয় ব্যক্তিদের কাছে খবর পেয়ে গতকাল দুপুর ১২টার দিকে ভাটকৈ বাজারের পাশের পুকুরের পাড় থেকে বস্তাবন্দী অবস্থায় মানবদেহের কোমরের নিচের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে রানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। খণ্ডিত অংশটি গতকাল দুপুরে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।