আত্রাইয়ে পাটের ফলন ও দামে আশাবাদী কৃষক
চলতি মৌসুমে নওগাঁর আত্রাই উপজেলায় পাট কাটা, জাগ দেওয়া ও পাটকাঠি থেকে পাট ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। অন্য বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষকেরা বেশ খুশি।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, কৃষকেরা পাট কেটে জলাশয়গুলোতে জাগ দিচ্ছেন। আবার কোথাও পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে।
আত্রাই উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এবার উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে পাট চাষ করা হয়েছে। ফলনও ভালো হয়েছে। বর্তমানে ভালো মানের পাট ১৮০০ ও নিম্ন মানের পাট ১৫০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।
তারাটিয়া গ্রামের কৃষক আবদুস ছামাদ বলেন, ‘মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় পাট নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। তবে পড়ে বৃষ্টি হওয়ায় ফলন ভালো হয়েছে। এবার আমি চার বিঘা জমিতে পাট চাষ করেছি। বাজারে পাটের দাম ভালো।’
উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার বলেন, গত বছরের চেয়ে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে পাট চাষ হয়েছে। পাটের ফলনও হয়েছে বাম্পার। অন্যান্য বছরের তুলনায় এবার পাটের দামও বেশি। পাটের ন্যায্যমূল্য পেলে চাষিদের মাঝে পাট চাষে আগ্রহ বাড়বে বলে তিনি মনে করছেন।