আত্রাইয়ে বিএনপির চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তবে এই মামলায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।

নওগাঁর আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) সুতসোম সরকার বাদী হয়ে গত শনিবার মামলাটি করেন। মামলায় আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ রেজাউল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং সব মিলে চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শোভাযাত্রার নামে লাঠি-সোঁটা নিয়ে উপজেলা সদরের প্রধান সড়কে চলাচলরত জনসাধারণকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। এ সময় রাস্তায় চলাচলরত যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করেন। এতে মামলার বাদীসহ পুলিশের বেশ কয়েক জন সদস্য আহত হন। বিএনপির নেতা-কর্মীদের হামলায় পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়।

মামলাটি হয়রানিমূলক ও মিথ্যা বলে দাবি করে আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম বলেন, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শান্তিপূর্ণ হলেও পুলিশ অতর্কিতে শোভাযাত্রায় হামলা করে নেতা-কর্মীদের মারপিট করে। এতে প্রায় ৩০/৩৫ জন নেতা-কর্মী আহত হন।