আত্রাইয়ে বেড়া দিয়ে মাছ শিকার

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী রাবারড্যাম এলাকার আত্রাই নদের সাত জায়গায় বাঁধ দিয়ে সোঁতিজাল পেতে মাছ শিকার করা হচ্ছে। এসব সোঁতিজালে ছোট-বড় নানা প্রজাতির মাছ নির্বিচারে ধরা পড়ছে। নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়াসহ নির্বিচারে মাছ নিধন হলেও দেখার কেউ নেই।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি দলের কতিপয় প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় থেকে মান্নান, রমিজুল করিম, সানোয়ার মেম্বার, দুলাল, ফারুক, ফয়জাল মিস্ত্রিসহ প্রায় ৪০ জনের একটি দল ওই নদীতে চারটি এবং রাবারড্যাম-সংলগ্ন এলাকা থেকে তারভাটি পর্যন্ত তিনটি পয়েন্টে রবি ও কাজীমুদ্দিন সোঁতিজাল পেতে মাছ শিকার করছেন।
গত রোববার সোঁতিজাল পাতা চক্রের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, একেকটি জাল পাততে পাঁচ-সাত লাখ টাকা খরচ হয়। মৎস্য বিভাগ, প্রশাসন, আওয়ামী লীগের নেতা, চেয়ারম্যান, স্থানীয়ভাবে প্রভাবশালী কিছু ব্যক্তি ও সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজ করেই মাছ শিকার করছেন তাঁরা। বর্তমানে নদীতে পানি বেশি থাকায় মাছ ধরা পড়ছে কম। তবে পানি নামার সময় এক টানেই (প্রতিবার জাল তুললে) এক-দেড় লাখ টাকার মাছ জালে ধরা পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, আত্রাই নদের (সাবগাড়ী নালা) ও সাবগাড়ী বাজার থেকে রাবারড্যামের ভাটিতে প্রায় এক কিলোমিটারের মধ্যে সাতটি সোঁতিজাল পাতা হয়েছে। নদীটির এপাড়-ওপাড় বরাবর বাঁশ ও তালাই দিয়ে বেড়া দেওয়া হয়েছে। মধ্যে ফাঁকা রাখা হয়েছে। সেখানেই পাতা হয় জাল। ২০ থেকে ৪০ মিনিট পরপর সেসব জাল তুলে সংগ্রহ করা হয় মাছ।
স্থানীয় লোকজনের ভাষ্যমতে, প্রতিদিন গড়ে একটি জাল থেকে বিভিন্ন প্রজাতির পাঁচ থেকে আট মণ মাছ সংগ্রহ করা হয়। প্রায় দেড় মাস ধরে চলছে এ পন্থায় মাছ শিকার।
এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নদীতে যথেচ্ছভাবে সোঁতিজাল পাতায় নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। নৌকা চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ভাঙছে নদীর পাড়।
এ ব্যাপারে ইউএনও ইয়াসমিন আক্তার গতকাল মঙ্গলবার দুপুরে বলেন, তিন দফা সোঁতিজাল উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। নৌকা, লোকবল নিয়ে সোঁতিজালের বাঁশ-খুঁটি তুলে আনার পর আবারও তাঁরা জাল পাতেন। তবে প্রশাসনকে ম্যানেজ করার অভিযোগ অস্বীকার করেন তিনি।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, তাঁদের দপ্তরে জনবলের সংকট ও অভিযান চালানোর জন্য পর্যাপ্ত বরাদ্দ না থাকায় এ ধরনের সমস্যা নিরসন সম্ভব হয় না। তারপরও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেন, তাঁর দলের সক্রিয় কোনো নেতা-কর্মী এ ধরনের অবৈধ কাজের সঙ্গে জড়িত নন। তবে সেটি স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের এলাকা। তাঁর নাম ভাঙিয়ে কিছু মানুষ এ অপকর্ম চালাচ্ছেন।