ঢাকা-দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটি গতকাল রোববার সকাল ছয়টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা রেলস্টেশনে লাইনচ্যুত হয়েছে। এতে দুজন যাত্রী আহত হন এবং খুলনা-পার্বতীপুর রেলপথে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বেলা ১১টা থেকে বিকল্প পথে ট্রেন চলাচল শুরু হয়। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি আত্রাই রেলস্টেশন অতিক্রম করার পর বিকট শব্দ হয়। চালক ট্রেনটিকে থামাতে থামাতে সেটি সামনের সাহাগোলা রেলস্টেশন অবধি পৌঁছে যায়। ট্রেনটির ইকুলাইজারবিম (দুই চাকার মধ্যবর্তী অংশ) ভেঙে বগিটি লাইনচ্যুত হয়। এতে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তালশন গ্রামের যাত্রী মো. নাছির (৩৫) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা গ্রামের যাত্রী রবিউল হাসান (৪০) আহত হন। তাঁরা প্রাথমিক চিকি ৎ সা নিয়েছেন। আত্রাই রেলস্টেশনের মাস্টার সাইফুল ইসলাম বলেন, ‘আমার স্টেশনে কোনো ঘটনা ঘটেনি, সাহাগোলা স্টেশনে কীভাবে দুর্ঘটনা হলো তা আমি জানি না।’