আত্রাইয়ে সরিষার বাম্পার ফলনের আশা কৃষকদের

নওগাঁর আত্রাই উপজেলায় মাঠে মাঠে ফুটে আছে হলুদ সরিষা ফুল। শীতের হাওয়ায় ছড়িয়ে পড়ছে সুবাস। মধু আহরণে ফুলে ফুলে বসছে মৌমাছি। যত দূর চোখ যায় হলুদের সমারোহ। এ মৌসুমে উপজেলার কৃষকেরা সরিষার বাম্পার ফলনের আশা করছেন। কৃষকেরা ধারণা করছেন, সময়মতো সরিষা ঘরে তুলতে পারলে বিক্রি করে বাড়তি কিছু টাকা হাতে পাবেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার আটটি ইউনিয়নে আড়াই হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যথাসময়ে সরকারি পর্যায় থেকে কৃষকদের মাঝে বিনা মূল্যে সরিষার বীজসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। শুরুর দিকে সরিষা খেতে পোকামাকড়ের আক্রমণ দেখা দিয়েছিল। কিন্তু কৃষকদের নিবিড় পরিচর্যা এবং মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও প্রত্যক্ষ কারিগরি সহযোগিতার কারণে তা প্রতিহত করা সম্ভব হয়। এখন কৃষকেরা সরিষার বাম্পার ফলনের আশা করছেন। সবচেয়ে বেশি সরিষার আবাদ হয়েছে উপজেলার শাহাগোলা, ভোঁপাড়া, মনিয়ারী ও আহসানগঞ্জ ইউনিয়নে।
উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক আজাদ প্রামাণিক প্রথম আলোকে বলেন, ‘আমি এ বছর দুই বিঘা জমিতে সরিষার চাষ করেছি। কৃষি অফিস থেকে অল্প বীজ পেয়েছি। পরে আমি নিজেও কিনে জমিতে সরিষা বীজ বপন করি। প্রতিটি সরিষাগাছে প্রচুর পরিমাণ ফুল ধরেছে। ফুলগুলো আকারেও বড় হয়েছে। মনে হচ্ছে, এবার সরিষার ফলন ভালো পাব। সময়মতো সরিষা তুলে বিক্রি করতে পারলে বাড়তি কিছু টাকা আসবে। এতে পুরোদমে ইরি-বোরো চাষ করতে পারব।’
উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার প্রথম আলোকে বলেন, এবার উপজেলার আটটি ইউনিয়নে ব্যাপক সরিষার আবাদ হয়েছে। এর পাশাপাশি কৃষকেরা অন্যান্য আবাদে ঝুঁকেছেন। যথাসময়ে জমি চাষযোগ্য হওয়ায় এলাকার কৃষকেরা সুযোগ বুঝে সরিষা চাষ করেছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁদের যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে কোনো ধরনের ক্ষতি না হলে উপজেলায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।