আত্রাইয়ে সাবেক সাংসদের বাড়িতে হামলা ও লুটপাট
নওগাঁর আত্রাইয়ে সাবেক সাংসদের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাবেক সাংসদের ছোট ভাইয়ের স্ত্রী আহত হয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার রসুলপুর গ্রামে সাবেক সাংসদ বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুক্তিযোদ্ধা ওহিদুর রহমানের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাঁর ছোট ভাই সাইদুর রহমানের স্ত্রী মাহফুজা বেগমকে (৪০) আহত করে। এ সময় তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আহত মাহফুজা বেগম বাদী হয়ে ওই দিনই চারজনকে আসামি করে আত্রাই থানায় মামলা করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন সাবেক সাংসদ ওহিদুর রহমান। মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার এসআই আবদুল মান্নান বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে, আসামিরা পলাতক রয়েছে।