আত্রাইয়ে স্কুলছাত্রী ধর্ষণের শিকার
নওগাঁর আত্রাই উপজেলার সুদরানা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় মামলা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৫ মার্চ সকাল ১০টার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় সমসপাড়া বাজার এলাকা থেকে হরিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে ফিরোজ হোসেন (২০) সহযোগীদের নিয়ে তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নাটোরের সিংড়া উপজেলার বাহিরাহাটি গ্রামে নিয়ে যায়। সেখানে একটি বাড়িতে তাকে দুই দিন আটকে রেখে ধর্ষণ করে ফিরোজ। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ফিরোজ ২৭ মার্চ ওই ছাত্রীকে বাড়িতে পাঠিয়ে দেয়। মেয়েটি বাড়িতে ফিরে বিষয়টি অভিভাবককে জানায়। পরে তারা ফিরোজকে বিয়ের তাগিদ দিলে সে তাতে অস্বীকৃতি জানায়। এরপর গত সোমবার মেয়েটির মা বাদী হয়ে ফিরোজসহ পাঁচজনকে আসামি করে আত্রাই থানায় মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, আসামিরা পলাতক। ধর্ষণের শিকার কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।