আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই-সিংড়া সড়ক পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে মরিয়ম খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জগদাস গ্রামে। নিহত মরিয়ম নাটোরের সিংড়া উপজেলার বড়-বারইহাটি গ্রামের মুক্তার হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে আত্রাই উপজেলার জগদাস গ্রামের শরিফ হোসেনের বাড়িতে বিয়ে খেতে এসেছিল শিশু মরিয়ম। বিয়েবাড়ির পাশেই আত্রাই-সিংড়া সড়ক পারাপার হওয়ার সময় বিপরীতমুখী ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় শিশুটি। আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই সে মারা যায়। পরে রাত ১০টার দিকে মরিয়মের দাদি মোসলেমা বিবি বাদী হয়ে উপজেলার মধুগুরলই গ্রামের অটোরিকশাচালক মিলন শাহকে (৩০) আসামি করে একটি মামলা করেন।

আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং চালক মিলন শাহকে গ্রেপ্তার করে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।