আত্রাইয়ে ১১ মাসেও সংস্কার হয়নি বিধ্বস্ত বেড়িবাঁধ

নওগাঁর আত্রাইয়ে গত বছরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষণে উপজেলার ছোট যমুনা নদীর তীরবর্তী ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ বন্যায় বিধ্বস্ত হওয়ার ১১ মাস পরও তা মেরামত হয়নি। বেড়িবাঁধটিই ওই এলাকার বাসিন্দাদের চলাচলের মাধ্যম। এরই মধ্যে আবার বর্ষা এসেছে। ফলে এলাকাবাসী যাতায়াত ও আবাদি ফসল নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
মিরাপুর গ্রামের আবদুল কুদ্দুস বলেন, ‘আমরা এ ভাঙন মেরামতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ অনেকের কাছেই ধরনা দিয়েছি। সবাই আশ্বস্ত করেন। কিন্তু আজও মেরামত না হওয়ায় এরই মধ্যে সেখানে পানি জমেছে। ফলে আমরা আমাদের কষ্টের ফসল নিয়ে হতাশ হয়ে পড়েছি।’
একই গ্রামের রফিকুল ইসলাম বলেন, বাঁধটি ভেঙে যাওয়ায় কৃষিপণ্য থেকে শুরু করে চিকিৎসাসেবা ও জেলা শহরের সঙ্গে যোগাযোগে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি দ্রুত বাঁধটি নির্মাণের জন্য ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করেন।
তথ্য অনুসন্ধানে জানা যায়, গত বছর বন্যায় আত্রাইয়ের ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়কের মির্জাপুর নামক স্থান ভেঙে আশপাশের এলাকা তলিয়ে যায়। তখন আত্রাই-রানীনগর উপজেলার প্রায় ১৪ হাজার হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়। সেই বন্যার পানি শুকিয়ে যাওয়ার পর ১১ মাস পেরিয়ে গেছে। পুনরায় বর্ষা এলেও মেরামত করা হয়নি বেড়িবাঁধের ভাঙা অংশ। এতে উপজেলার রাইপুর, ডাঙ্গাপাড়া, ফুলবাড়ী, উদনপৈয়, মিরাপুরসহ বিভিন্ন এলাকার লোকজনকে নৌকায় করে রাস্তার ভাঙা অংশ পার হতে হচ্ছে। সপ্তাহে দুদিন ভবানীপুর-মির্জাপুর হাট বসে। যানবাহন চলাচল করতে না পারায় কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য হাটে নিতে পারছেন না।
ভবানীপুর জি এস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, গত বছরের ভয়াবহ বন্যায় ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে যায়। এখন এ পথে ছাত্রছাত্রীদের চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। নৌকা ছাড়া পারাপার হওয়া যায় না। রাস্তাটি সংস্কার করা জরুরি।
সাহাগোলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, সরকারি বরাদ্দ পাওয়া সাপেক্ষে যত দ্রুত সম্ভব বাঁধটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।