আত্রাইয়ের বাঁধে আপত্তি পশ্চিমবঙ্গের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখে অভিযোগ করেছেন, বাংলাদেশ আত্রাই নদে বাঁধ দেওয়ার ব্যাপারে পশ্চিমবঙ্গকে কিছুই জানায়নি। ২ দশমিক ১৪ কিলোমিটার দীর্ঘ ওই বাঁধের কারণে আত্রাইয়ের পানি ভারতে প্রবাহিত হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। খবর পিটিআইয়ের।
প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর সদর উপজেলার মোহনপুরে একটি রাবার ড্যাম তৈরি করেছে বাংলাদেশ। গত বছরই ওই ড্যাম তৈরির কাজ শেষ হয়েছে। শুষ্ক মৌসুমে চাষাবাদের জন্য পানি সংরক্ষণের উদ্দেশ্যে ওই ড্যাম তৈরি করা হয়েছে। মোহনপুরের বিপরীতে ভারতের দক্ষিণ দিনাজপুরের সমঝিয়া এলাকা।
পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী রাজীব ব্যানার্জি গত বৃহস্পতিবার বিধানসভায় মোদির কাছে মমতার চিঠি পাঠানোর কথা জানান। সেচমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো নদী দুটি দেশের ওপর দিয়ে প্রবাহিত হলে সেই নদীতে বাঁধ নির্মাণ বা এ ধরনের কোনো কার্যক্রমের ক্ষেত্রে প্রতিবেশীকে জানাতে হয়। কিন্তু বাংলাদেশ আত্রাইয়ে কংক্রিটের ওই বাঁধ নির্মাণের ব্যাপারে পশ্চিমবঙ্গকে কিছু জানায়নি। তিনি জানান, মুখ্যমন্ত্রী এ বিষয়টি চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবহিত করেছেন। সেচমন্ত্রী আরও জানান, তিনিও চিঠি লিখে বিষয়টি কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী উমা ভারতীকে জানিয়েছেন। মন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথাও বলেছেন।
আত্রাই নদ বাংলাদেশে উৎপত্তির পর ভারতের দক্ষিণ দিনাজপুরে প্রবেশ করে ঘুরে আবার বাংলাদেশে প্রবেশ করেছে।
পরে সেচমন্ত্রী রাজীব ব্যানার্জিকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রী মমতা পশ্চিমবঙ্গকে না জানিয়ে আত্রাইয়ে বাঁধ দেওয়ার বিষয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন কি না। জবাবে সেচমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শনিবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। এই সফরে তিনি স্থলসীমান্ত চুক্তিসহ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন। স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকতে গতকাল শুক্রবার রাতেই ঢাকায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা।