আত্রাইয়ের বুকে পানি কৃষকের মুখে হাসি
কয়েক দিন আগেও আত্রাই নদীর বুকে চিকচিক করত বালুচর। সে চর দেখে খরতাপে পুড়তেন আত্রাই পারের বোরোচাষিরা। নদীর বুক চিরেও খেতে সেচ দেওয়ার মতো পর্যাপ্ত পানি পাচ্ছিলেন না তাঁরা। পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপগুলোও তাঁদের হতাশার কারণ হয়ে দাঁড়ায়। পানি না পেয়ে অনেক খেতের ধান নেতিয়ে পড়ে। এমন পরিস্থিতিতে কৃষকেরা যখন বোরোর আবাদ নিয়ে হাল ছেড়ে দেবেন, ঠিক তখনই জোয়ারের পানি এল মরা নদীতে। আত্রাইয়ের বুকভরা পানি নিমেষে কৃষকদের মুখভরা হাসি নিয়ে এল। বোরো খেতে এখন নদীর পানি দিয়ে প্রাণভরে সেচ দিচ্ছেন তাঁরা। পানি পেয়ে সতেজ হয়ে উঠছে পাকার উপযোগী হয়ে ওঠা ধান। গত রোববার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর গ্রামে আত্রাই নদীর তীরবর্তী এলাকায় গিয়ে দেখা যায়, নদীতে হালকা স্রোত বয়ে যাচ্ছে। মান্দা ফেরিঘাটে আত্রাই সাঁকো এলাকার নদী পানিতে থইথই। কয়েক দিন আগেও সেখানে ধু ধু বালুচর ছিল। অবশ্য সাঁকোর পরে থেকে থেকে কিছু অংশ এখনো শুকনো রয়েছে। তবে নদীতে যে পানি এসেছে, এতে কৃষকদের সেচের কাজ চলছে পুরোদমে। ওই এলাকায় অনেক খেতের বোরো ধান পাকতে এখনো প্রায় সপ্তাহ দুয়েক লাগবে। কাজেই এ সময় নদীর পানি সেচের ক্ষেত্রে বেশ কাজে লাগবে। মান্দা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আত্রাই ও এর শাখা ফকিরনী নদীর পানি দিয়ে তাদের ১৮০টি প্রকল্পে সাড়ে তিন হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়। নদীর পারে জোকাহাট, পাজরভাঙ্গা, জুতবাজার, বুড়িদহ, কয়াপাড়া, কামারপুরী, ফেরিঘাট, মেরুল্লা, গোঁসাইপুর, কালিকাপুর, দু’শতী, আয়াঁপুর, লক্ষ্মীরামপুর, তানৈইল, বেজোড়া, বানডুবি ও মদনচকসহ প্রায় ২০টি গ্রামে সমিতি করে কৃষকেরা পাম্প বসিয়ে আত্রাই নদী থেকে ধানের প্রকল্পে সেচ দেওয়ার ব্যবস্থা করেন। এ মৌসুমে ধান উঠতে এক মাস বাকি থাকতেই আত্রাই নদী শুকিয়ে যায়। নিরুপায় কৃষকেরা নদীর তলদেশে অগভীর নলকূপ বসিয়ে পানি তুলে নদীতে নালা কেটে এতে জমিয়ে রাখছিলেন। পরে সেখান থেকে আলাদা পাম্পের মাধ্যমে খেতে সেচ দেওয়া চলছিল। কালিকাপুরের কৃষক আবদুল হামিদ (৪০) বলেন, এ ব্যবস্থায় তাঁরা আর কুলিয়ে উঠতে পারছিলেন না। প্রতিটি সমিতির অধীনে ১৩০ থেকে ১৫০ বিঘা পর্যন্ত জমি রয়েছে। একবার করে সেচের পালা পেতে তাঁদের ১৫-১৬ দিনের ধাক্কা। এতে মাটির রস শুকিয়ে ধান মরে যাওয়ার জোগাড়। গত বৃহস্পতিবার বিকেলে খবর আসে নদীতে পানি আসছে। সন্ধ্যা নাগাদ কালিকাপুর এলাকায় পানি চলে এল। পরদিন থেকে নদীর পানি দিয়ে সেচ দেওয়ার হিড়িক পড়ে যায়। গোঁসাইপুর গ্রামের কৃষক (৬০) রিয়াজ উদ্দিন বলেন, ‘এই খরার মধ্যে নদীতে পানি আসা দেখে নিজের চোখের পানিই ধরে রাখতে পারিনি। এইটা কী দেখছি! মানুষের মধ্যে যেন উত্সব শুরু হয়ে গেল।’ নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুস সালাম বলেন, নদীতে উজান থেকে ঢলের পানি এসেছে বলে আন্দাজ করছি। যেসব ফসল একটু দেরিতে পাকবে, এর জন্য বেশ কাজে লাগবে এ পানি। এলাকার পরিবেশের জন্য উপকার করবে এ নদীর পানি। প্রচণ্ড খরায় প্রায় মরুভূমি হতে বসেছিল আত্রাই পারের জমি। গত বছরও এভাবে ঢলের পানি এসে স্থানীয় বোরোচাষিদের মুখে হাসি ফোটায়।