আত্রাইয়ের হাটবাজারে চাঁই বিক্রির ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলায় বর্ষা মৌসুমের শুরু থেকেই বিভিন্ন হাটবাজারে দেশি প্রজাতির ছোট মাছ ধরার উপকরণ বাঁশের তৈরি চাঁই বা খলশানি বিক্রির ধুম পড়েছে। উপজেলার হাটবাজারগুলোতে প্রতিদিন শত শত চাঁই বিক্রি হচ্ছে।

উপজেলার ঐতিহ্যবাহী আহসানগঞ্জ হাটের খলশানিপট্টিতে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপজেলার সিংসাড়া, পাশের রানীনগর উপজেলার নিজামপুর, ঝিনা, খট্টেশ্বর, কৃষ্ণপুর-মালঞ্চিসহ বিভিন্ন গ্রামের ঋষি সম্প্রদায়ের পরিবারের সদস্যরা মিলে এই মৌসুমে তৈরি করেন নানা ধরনের চাঁই। কারিগরেরা বাড়িতে তৈরি করা চাঁই নিয়ে এসে উপজেলার আহসানগঞ্জ, কাশিয়াবাড়ি, সুটকিগাছা, পাইকরা, বজ্রপুর, বান্ধাইখাড়া, মির্জাপুর-ভবানীপুরসহ বিভিন্ন হাটে বিক্রির জন্য পসরা সাজিয়ে বসে থাকেন।

বাঁশ, সুতা ও তালগাছের আঁশ দিয়ে তৈরি এসব চাঁই ভালো মানের হওয়ায় হাওরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার মাছশিকারিরাও এসব হাটবাজার থেকে কিনে নিয়ে যান। বর্ষা মৌসুমে চাঁইয়ের কদর বেশি হওয়ায় চাঁই তৈরির সঙ্গে জড়িত পরিবারগুলো মৌসুমের দুই-তিন মাসেই প্রায় সারা বছরের আয় করে নেন।

কারিগর দুলালচন্দ্র বলেন, লাভ খুব বেশি না হলেও বর্ষা মৌসুমে এর চাহিদা থাকায় রাত-দিন পরিশ্রমের মাধ্যমে চাঁই তৈরি করে তাঁরা বেজায় খুশি। এতে একদিকে যেমন সময় কাটে, অন্যদিকে লাভের আশায় বাড়ির সদস্যরা মিলে চাঁই তৈরি করে অভাব ঘুচানোর চেষ্টা করেন।

এসব চাঁই তৈরিতে প্রকারভেদে খরচ পড়ে ৭০ থেকে ২০০ টাকা। বিক্রি হয় ১০০ থেকে ৩০০ টাকায়। ছোট প্রজাতির মাছ ধরার সুতি, কারেন্ট জালসহ বিভিন্ন উপকরণের দাপটের কারণে বাঁশের তৈরি চাঁই বাজারে বেশ প্রতিযোগিতার মুখে পড়েছে।

উপজেলার একাধিক চাঁইবিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, চাঁই তৈরির সামগ্রীর দাম আগের চেয়ে বেশ বেড়েছে। তাই আগের মতো আর লাভ হয় না। দীর্ঘদিন থেকে এ ব্যবসায় জড়িত, তাই ব্যবসা ছাড়তেও পারছেন না। তবে তাঁরা এও জানান, বর্ষা এবার আগাম শুরু হওয়ায় হাটবাজারগুলোতে চাঁই বিক্রির ধুম পড়েছে।