আদ-দ্বীন মেডিকেলের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সরকারি অনুমোদনের জন্য খুলনার আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তাঁরা এ কর্মসূচি শুরু করেন।
শিক্ষার্থীরা জানান, সরকারি অনুমোদন পাওয়া যাবে—এমন আশ্বাসের ভিত্তিতে চলতি শিক্ষাবর্ষে তাঁরা ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। চলতি বছরের ১১ জানুয়ারি তাঁদের ক্লাস শুরু হয়।
শিক্ষার্থীদের দাবি, সরকার কলেজটিকে অনুমোদন দিক বা তাঁদের অন্য কোথাও ভর্তির সুযোগ করে দিক। তা না হলে তাঁদের শিক্ষাজীবন ক্ষতির সন্মুখীন হবে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। কারণ সরকার লিখিত বা মৌখিক কিছু বলেনি। তাই কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’
মহাজোট সরকারের একেবারে শেষ সময়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ১২টি বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেয়। এগুলো হচ্ছে ঢাকায় কেয়ার মেডিকেল কলেজ (মোহাম্মদপুর), ইউনিভার্সাল মেডিকেল কলেজ (মহাখালী), ইউনাইটেড মেডিকেল কলেজ (গুলশান) ও ইউএস-বাংলা মেডিকেল কলেজ (নারায়ণগঞ্জ); চট্টগ্রামে মেরিন সিটি মেডিকেল কলেজ, সিলেটে পার্ক ভিউ মেডিকেল কলেজ, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ (ব্রাহ্মণবাড়িয়া), কিশোরগঞ্জে আবদুল হামিদ মেডিকেল কলেজ, খুলনায় আদ-দ্বীন মেডিকেল কলেজ ও খুলনা সিটি মেডিকেল কলেজ, রংপুরে কছিরুদ্দিন মেডিকেল কলেজ এবং রাজশাহীতে শাহ মখদুম মেডিকেল কলেজ।
গত ২১ জানুয়ারি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষা ও ভর্তি-সংক্রান্ত কমিটির সভায় এই ১২টি কলেজের ভর্তিসহ সব ধরনের কর্মকাণ্ড স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর এক দিন পর এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নতুন মেডিকেল কলেজগুলোর কার্যক্রম স্থগিত করার কথা সাংবাদিকদের বলেন।
অভিযোগ রয়েছে, প্রায় শতভাগ বেসরকারি মেডিকেল কলেজ নিয়মনীতি উপেক্ষা করে মেডিকেল কলেজ চালাচ্ছে।
নীতিমালায় বলা আছে, ৫০ জন শিক্ষার্থী ভর্তি করতে মেট্রোপলিটন এলাকায় কলেজের নামে দুই একর জমি বা নিজস্ব ভবনে এক লাখ বর্গফুট ফ্লোর স্পেসের একাডেমিক ভবন ও এক লাখ বর্গফুট ফ্লোর স্পেসের হাসপাতাল ভবন থাকতে হবে। মেট্রোপলিটন এলাকার বাইরে চার একর নিজস্ব জমি বা ওপরে বর্ণনা দেওয়া ফ্লোর স্পেস থাকতে হবে। কোনো ভাড়া বাড়িতে কলেজ করা যাবে না। এ ছাড়া ৫০ শিক্ষার্থীর জন্য হাসপাতালে কমপক্ষে ২৫০ শয্যার অবকাঠামো থাকবে এবং নিয়মিত ৭০ শতাংশ শয্যায় রোগী ভর্তি থাকবেন।