আদনান হত্যা: তিনজনের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবীর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আজ বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিন আসামি। ঢাকার পৃথক তিনজন মহানগর হাকিম এই তিনজনের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ওই তিন আসামি হলেন রাজিন আহম্মেদ হৃদয় (২০), শাকিল সরকার (১৯) ও ফখরুল ইসলাম শ্রাবণ (১৮)।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা-পশ্চিম থানার পরিদর্শক শাহ আলম আসামিদের আদালতে হাজির করে তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করানোর আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, আসামিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে আদনানকে চাপাতি, লাঠি, রড ও হকিস্টিক দিয়ে আঘাত করে হত্যা করেছে বলে জানা গেছে।

গতকাল বুধবার রাতে উত্তরা ও টঙ্গী এলাকা থেকে ওই তিন তরুণকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার পুলিশ। গত ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরা ১৩ নম্বর সেক্টরে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আদনান কবীর খুন হয়। এ ঘটনায় আদনানের বাবা কবীর হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন।

আদালত সূত্র নিশ্চিত করেছে, আদনান হত্যায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ১৯ জন কিশোর-তরুণ গ্রেপ্তার হয়েছেন। এঁদের মধ্যে ১১ জন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। উত্তরায় গড়ে ওঠা কিশোর-তরুণদের গ্যাংয়ের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে আদনান খুন হয় বলে পুলিশ জানান।