আদনানের জামিন স্থগিত, রুল নিষ্পত্তির নির্দেশ
উগ্রপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে একটি মামলায় গ্রেপ্তার আসিফ আদনানের (২৬) জামিন স্থগিত থাকছে। তাঁর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেছেন, স্থগিতাদেশ চলমান থাকবে।
গত বৃহস্পতিবার আপিল বিভাগ রোববার পর্যন্ত আদনানের জামিন মঞ্জুর করে দেওয়া আদেশ স্থগিত করেছিলেন। সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় ১০ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি আদনানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ১২ নভেম্বর চেম্বার বিচারপতি আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আদনানের পক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। পরে অমিত তালুকদার প্রথম আলোকে বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলেছেন আদালত। জামিনে স্থগিতাদেশ অব্যাহত থাকায় আদনান কারামুক্তি পাচ্ছেন না।
২৪ সেপ্টেম্বর সেগুনবাগিচা থেকে আদনানসহ দুজনকে গ্রেপ্তার করে ডিবি। আদনানের বাবা সাবেক বিচারপতি।