আদব-কেতা না জানায় কৃষকের কারাদণ্ড!
জমিসংক্রান্ত বিষয়ে বগুড়ার শেরপুরে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে শুনানিতে এসে জেলে যেতে হলো মো. মোখলেছ (২৬) নামের একজন কৃষককে। সহকারী কমিশনার তাঁকে সাত দিনের বিনা শ্রম কারাদণ্ড দেন। মোখলেছ উপজেলার উত্তর আমন গ্রামের হাছেন আলীর ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মোখলেছের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডবিধির ১৮৬ ধারার অপরাধে বৃহস্পতিবার বিকেলে এ সাজা দেন সহকারী কমিশনার মো. কামরুজ্জামান। ওই দিন সন্ধ্যায় তাঁকে বগুড়ার জেলখানায় পাঠানো হয়।মোখলেছের চাচা মোজামেঞ্চল হোসেন জানান, তাঁদের পরিবার জোতদার ষোলবালা দেবীর কাছে ১৯৭৪ সালে কিছু জমি কিনেছেন। এর পর থেকে ওই জমি তাঁদের পরিবার ভোগদখল করে আসছে। বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে জমিজমার কাগজপত্রসহ তাঁদের উপস্থিত হতে বলা হয়। তিনি ও মোখলেছসহ তিনজন ওই কর্মকর্তার কার্যালয়ে আসেন। বিকেলে সহকারী কমিশনার মো. কামরুজ্জামান তাঁদের কাছে জানতে চান, যে জমি তাঁরা ভোগদখল করে আসছেন, সেটি অর্পিত তালিকাভুক্ত। এ সময় মোখলেছ কয়েকবার জানতে চান, ওই জমি রেজিস্ট্রি কবলাসূত্রে কেনা, কীভাবে তা অর্পিত তালিকাভুক্ত হলো? তিনি দাবি করেন, তাঁর ভাতিজা একজন কৃষক। একজন সরকারি কর্মকর্তার সঙ্গে কীভাবে কথা বলতে হয়, তা তাঁর জানা ছিল না। এ জন্য ওই কর্মকর্তা তাঁর ভাতিজাকে সাত দিনের কারাদণ্ড দেন।এ বিষয়ে মো. কামরুজ্জামান বলেন, শুনানির সময় মোখলেছ তাঁকে অর্পিত তালিকা তৈরি করা নিয়ে ‘চার্জ’ করেন ও কথা না শুনে শুনানিতে বাধা দেন। এ জন্যই তাঁকে সাজা দেওয়া হয়েছে।